ওড়িশায় আদিবাসী তরুণীর উপর পৈশাচিক অত্যাচার, কী ঘটেছে তাঁর সঙ্গে?
ফের নারী নির্যাতন। আদিবাসী এক তরুণীর উপর পৈশাচিক অত্যাচার। যার বিবরণ শুনলে শিউড়ে উঠতে হয়। ওডিশার জুরাবাঁধ গ্রামে এই ঘটনার কথা জানা গিয়েছে। ওই তরুণীকে মানুষের মল খাওয়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷
ওড়িশার বালাঙ্গির জেলার ঘটনা। বছর কুড়ির এক আদিবাসী তরুণীর উপর নিগ্রহের ঘটনা সামনে এল। ঘটনাটি নভেম্বর মাসের ১৬ তারিখের। ওই তরুণী গ্রামের পুকুর থেকে স্নান সেরে ফিরছিলেন। তখন অভয় বাগ নামে এক ব্যক্তি তার উপর চড়াও হয় বলে অভিযোগ৷

জাত তুলে তাকে আক্রমণ, নিন্দনীয় কটু কথা বলা হয়। ওই ব্যক্তি গ্রামেরই বাসিন্দা। বানগোমুন্ডা থানায় ওই তরুণী অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, ওই ঘটনার দিন তরুণী তার মায়ের সঙ্গে স্নান সেরে ফিরছিলেন। তখন পথ আটকে দাঁড়ায় ওই অভয় বাগ। ওই ব্যক্তি তরুণীর বুকে সজোরে আঘাত করে। তরুণী ছিটকে পড়ে যায়। তরুণীর মা ওই ব্যক্তিকে আটকাতে যান।
তিনিও নিগ্রহের শিকার হন৷ তরুণীর মাকেও মারধর করা হয়। মায়ের গলা টিপে ধরা হয়েছিল বলে অভিযোগ৷ এছাড়াও নাগাড়ে গালিগালাজ চলতে থাকে মা ও মেয়েকে উদ্দেশ্য করে৷ এরপর ফের ওই তরুণীকে আক্রমণ করা হয়। তরুণীর মুখে মানুষের মল মাখিয়ে দেওয়া হয়৷ জোর করে খাওয়ানোর চেষ্টাও করা হয় তাকে!
কিন্তু কেন এমন ঘটনা? তরুণীর অভিযোগ, তার জমিতে এক ব্যক্তি ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করেছিল। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিল এই তরুণী। সেই প্রতিবাদের কারণেই তার উপর এই পালটা হামলা বলে দাবি। ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যক্তি। তার বিরুদ্ধে এফআইআর হিসেবে অভিযোগ নথিভুক্ত হয়েছে। পুলিশ তাকে খুঁজছে।
ঘটনাটি জানাজানি হতেই প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় আদিবাসী সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছে। তাদের মধ্যে ক্ষোভও রয়েছে। দ্রুত বিচারের দাবি করা হচ্ছে।
অভিযুক্তকে খুঁজে গ্রেফতার করা হবে। এই কথা জোর দিয়ে বলেছেন কান্তবাঞ্জি মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) গৌরাঙ্গ চরণ সাহু।
আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক। না হলে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন৷ সমাজ কর্মীরাও ওই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন।












Click it and Unblock the Notifications