গোর্খাল্যান্ডের দাবিতে বেঙ্গালুরুতেও আছড়ে পড়ল পাহাড়ের মানুষের বিক্ষোভ
গোর্খাল্যান্ডের দাবি ছড়িয়ে পড়ল বেঙ্গালুরুতেও, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে স্লোগান গোর্খাদের
পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি পাহাড় ছাড়িয়ে এবার দক্ষিণ ভারতেও ছড়িয়ে পড়ল। বুধবারই বেঙ্গালুরুতে গোর্খাল্যান্ডের দাবিতে সরব হলেন গোর্খা সম্প্রদায়ের বহু মানুষ। শুধুমাত্র গোর্খা সম্প্রদায়ই নয়, তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে গোর্খাদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ।

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে জ্বলছে পাহাড়। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত পাহাড়ে। জিটিএ চুক্তি পোড়ানো থেকে গায়ে টিউবলাইট ভেঙে প্রতিবাদ, সবই চলছে। তার সঙ্গে অনির্দিষ্টকালের বনধ তো রয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে গোর্খাল্যান্ড আন্দোলন। সুদুর অস্ট্রেলিয়াতেও জানানো হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি। এদেশেও পাহাড় ছাড়িয়ে সমতলে পৌঁছে গিয়েছে গোর্খাদের আন্দোলন। এমনকী সোচ্চার হতে শুরু করেছে দক্ষিণ ভারতও। বুধবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে হাতে প্ল্যাকার্ড নিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন কয়েকশো গোর্খা সম্প্রদায়ের মানুষ। গোর্খাল্যান্ডের লোগো দেওয়া টি-শার্ট ও মাথায় টুপি পরে তাঁদের গোর্খাদের দাবিকে সমর্থন জানালেন বেশ কয়েকজন উত্তর- পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষও। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। গোটা দেশের মানুষকে গোর্খাল্যাণ্ডের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এদিন।
এর আগে গত ২০ শে জুন বেঙ্গালুরুর টাউন হলে জমায়েত করেছিলেন গোর্খা সম্প্রদায়ের মানুষ। পৃথক গোর্খাল্যান্ড রাজ্য তাঁদের ন্যায্য দাবির পাশাপাশি একটি পরিচিতি বলে মন্তব্য করেছিলেন বেঙ্গালুরুর গোর্খারা।












Click it and Unblock the Notifications