Delhi: মার্চেই দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, লু বইতে পারে অন্যান্য বছরের চেয়ে দ্বিগুণ!
Delhi: কখনো গরম তো কখনো বৃষ্টি, আবহাওয়ার খামখেয়ালীপনার পর এবার ধীরে ধীরে বাড়তে চলেছে পারদ। মার্চ মাসেই দিল্লির গরম মে মাসের মত। তবে শুধু দিল্লি নয় মার্চ মাস পড়তে হাঁসফাঁস অবস্থা ভারত জুড়ে।
ইতিমধ্যে দিল্লিতে তীব্র গরম (Intense heat in Delhi) পড়েছে। ২৬শে মার্চ চলতি বছরের সবথেকে উষ্ণতম দিন (Hottest day of 2025) ছিল। এদিন তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবন সূত্রে খবর, দিল্লি (Delhi) জুড়ে বেশ কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র ৪০ ডিগ্রির কাছাকাছি অবস্থান করছে, যা গ্রীষ্মের শুরুতে অস্বাভাবিক তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দেয়। বুধবার, রিজের মানমন্দিরে (Ridge Observatory) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৬.৩ ডিগ্রি বেশি। এটি গত বছরের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গিয়েছে।
আইএমডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সর্বোচ্চ তাপমাত্রা ২৯শে মার্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তার আগের বছরের সবচেয়ে উষ্ণতম দিন ছিল ১৫ই মার্চ। যেদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। মার্চ মাসে দিল্লিতে শেষবার এত বেশি তাপমাত্রা দেখা গিয়েছিল ২০২২ সালে। সেইসময় ২৯শে মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। দিনের বেলায় আর্দ্রতার মাত্রা ১৯ শতাংশ থেকে ৫২ শতাংশের মধ্যে ওঠানামা করেছিল। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে স্থির হয়েছিল।
এদিকে উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে মৌসম ভবন। আবহাওয়া বিভাগ গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের দিনের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ার পূর্বাভাস দিয়েছে। সাধারণত, এই অঞ্চলে এক মরশুমে পাঁচ থেকে ছয়টি তাপপ্রবাহের দিন রেকর্ড করা হয়, তবে এই বছর এটি ১০ থেকে ১২ দিন লু বইবে, এমনটাই সম্ভাবনা রয়েছে বলে জানায় মৌসম ভবন।
আইএমডি বিজ্ঞানী সোমা সেন রায় জানান, "আমরা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তাপপ্রবাহের পরিস্থিতির আশা করছি, বিশেষ করে পশ্চিম ও মধ্য ভারতে। সাধারণত, উত্তর-পশ্চিম ভারতে প্রায় ৫ থেকে ৬টি তাপপ্রবাহের দিন দেখা যায়। এই বছর, আমরা ১০ থেকে ১২ দিন ধরে তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছি, যা স্বাভাবিকের দ্বিগুণ।"
তিনি আরও জানান, এটি একটি আবহাওয়ার পূর্বাভাস এবং এর অর্থ এই নয় যে মরশুমের সমস্ত দিনই স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা। এদিকে তিনি ২০২৪ সালের চেয়ে এই বছরটি উষ্ণ হবে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications