Delhi Result 2025: জিতেই বিধানসভা কেন্দ্রের নাম পরিবর্তনের ঘোষণা! বিজেপি বিধায়কের মুখে বুলডোজারের হুশিয়ারি
কোনও স্থান বা জায়গার নাম পরিবর্তন বিজেপির কাছে নতুন কোনও বিষয় নয়। ক্ষমতায় আসার পর থেকেই ভারতের একের পর এক গুরুত্বপূর্ণ স্থানের নাম পরিবর্তন করেছে বিজেপি সরকার। তবে এবার ভোটে জেতার ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভা কেন্দ্রেরই নাম পরিবর্তনের ঘোষণা করে দিলেন দিল্লির বিজেপি বিধায়ক।
দিল্লির মুস্তাফাবাদের নবনির্বাচিত বিধায়ক মোহন বিস্ত ঘোষণা করেছেন তাঁর বিধানসভা কেন্দ্রের নাম পরিবর্তন করা হবে। এলাকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যার ভাবাবেগের কথা মাথায় রেখে মুস্তাফাবাদ বিধানসভা কেন্দ্রের নাম পরিবর্তন করে শিব পুরী বা শিব বিহার করা হবে। ২০২০ সালে এই অঞ্চলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই এই এলাকাটি স্পর্শকাতর হিসাবেই চিহিৃত। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থী মোহন বিস্ত।

ভোটে জয়ের পর এখনও বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেননি। এরইমধ্যে ঘোষণা করে দিলেন বিধানসভা ক্ষেত্রের নাম পরিবর্তন করার কথা। রবিবার একটি সর্ব ভারতীয় ইংরেজি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহন বিস্ত বলেন, মুস্তাফাবাদ বিধানসভা এলাকার নাম পরিবর্তন হলে সমস্যা কী? একদিকে ৫৮ শতাংশ, অন্যদিকে ৪২ শতাংশ মানুষ। কাদের সম্মান করব?
কিন্তু যে জায়গায় অটো ও ক্যাব চলাচল করে না সেখানকার নাম পরিবর্তনের জরুরি কেন, এই বিষয়ে জানতে চাওয়া হলে মুস্তাফাবাদের নবনির্বাচিত বিধায়ক মোহন বিস্ত বলেন , অটো চলবে, ক্যাবও চলবে। বুলডোজার চলবে। ক্ষমতায় আসার পরই যেভাবে যোগী রাজ্যের মতো বুলডোজার চালানো হুশিয়ারি দিলেন বিজেপিকে তার সমালোচনা করতে সময় নেয়নি আপ শিবিরও।
আপের বিধায়ক আমানতুল্লাহ খান প্রশ্ন তুলেছেন বিজেপি এমন সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন, বিজেপি নাম পরিবর্তনের মাধ্যমে কী অর্জন করতে চায়। এই ধরনের কাজ না করে, বিজেপির উচিত ইতিবাচক এবং উন্নয়নের মানসিকতাকে গ্রহণ করা। ফলে বিষয়টি নিয়ে বিজেপি আপের তরজা শুরু হয়েছে।
শনিবারই দিল্লি ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। আপ সরকারের পতন ঘটেছে। দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। ৭০ আসনের দিল্লি বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। দিল্লিতে ২২টি আসন দখল করে আপ। বিজেপি পেয়েছে ৪৮টি আসন। কিন্তু একটি আসনেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। এই নিয়ে টানা তিনবার শূন্যের হ্যাটট্রিক করেছে কংগ্রেস। মোদী বিদেশ সফর থেকে ফেরার পর শপথগ্রহণ হতে পারে।












Click it and Unblock the Notifications