Delhi Result 2025: দিল্লি জয়ের নেপথ্যে মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা, আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনামে বিজেপির সাফল্য
দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশভাবে জয় পেয়েছে বিজেপি। ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারিয়েছিল গেরুয়া শিবির। এরপর থেকে দিল্লি বিধানসভা ভোটে শুধুই পরাজয়ই সঙ্গী হয়েছে গেরুয়া শিবিরের। কিন্তু এবার নরেন্দ্র মোদীকে মুখ করে দিল্লি ভোটে লড়াই করে বিজেপি। আপকে হারিয়ে এবার দিল্লিতেও পদ্ম ফুটিয়েছেন মোদী। দিল্লির ফলাফল প্রকাশ্যে আসার পরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতেও সংবাদ শিরোনামে বিজেপি এবং নরেন্দ্র মোদীই।
মাত্র ৭০ আসনের বিধানসভা ভোট। কিন্তু দেশের রাজধানী বলে কথা। ফলে দিল্লি বিধানসভা ভোটে নজর ছিল আন্তর্জাতিক মিডিয়ারও। দিল্লিতে ২২টি আসন দখল করে আপ। বিজেপি পেয়েছে ৪৮টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। ফলে দিল্লিতে একটি বলিষ্ঠ সরকার গঠন করতে চলেছে বিজেপি।

সংবাদ সংস্থা রয়টার্স দিল্লি নির্বাচনের ফলাফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় হিসাবে বর্ণনা করেছে। এই সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজেপির প্রচারাভিযানে সুশাসন, আইনশৃঙ্খলা এবং উন্নয়নের প্রতিই বেশি ফোকাস করা হয়েছিল। পাশাপাশি শহুরে মধ্যবিত্ত শ্রেণির ভোটারদের মন পেতেও একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় বিজেপির পক্ষ থেকে। মধ্যবিত্ত ভোটারদের মধ্যে যারা একসময় আপ-কে সমর্থন করেছিল তারা বিজেপির দিকে ঝুঁকেছে।
অন্য একটি সংবাদ সংস্থা এপি দিল্লিতে বিজেপির জয়কে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রত্যাবর্তন বলে অভিহিত করেছে। এপি- প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেজরিওয়ালের ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা এবং অভ্যন্তরীণ লড়াই আপের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি জোট না করাও এই ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
স্পেনের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এই জয়ের নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথাই তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দল প্রায় তিন দশক পর আবার দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদ সংস্থা আলজাজিরায় বিজেপির এই জয়েকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, দিল্লি হল মিনি ইন্ডিয়া। এখানে সমস্ত অঞ্চলের মানুষ বসবাস করেন। বিজেপি দিল্লিতে জয় পাওয়ার অর্থ তারা অন্য অঞ্চলেও জয় পেতে সক্ষম।
বিবিসির পক্ষ থেকেও এই জয়ের জন্য বিজেপির কৃতিত্বকে তুলে ধরা হয়েছে। গত ১০ বছরের বেশি সময় ধরেই বিজেপি একের পর এক রাজ্য দখল করেছে। বিরোধী শিবিরের হাত থেকে ছিনিয়ে নিয়েছে একাধিক রাজ্যের ক্ষমতা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে দিল্লির নামও।












Click it and Unblock the Notifications