Delhi Result 2025: গণনার দিনেই কাজকর্ম নিয়ে কমিশনকে কটাক্ষ আপ সাংসদের, গুরুতর অভিযোগ কেজরিওয়ালের দলের
দিল্লি বিধানসভা ভোট শান্তিুপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। কিন্তু প্রাথমিক ট্রেন্ডে এবার আপের দিল্লিতে হারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ভোট গণনার শুরু হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোট হওয়ার পরই অভিযোগ করেছিলেন, ফর্ম ১৭সি অনুযায়ী, নির্বাচন কমিশন দিল্লি ভোটের বুথ ভিত্তিক তথ্য প্রকাশ করছে না। শনিবার আরও এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়েই প্রশ্ন তুললেন আপের রাজ্যসভার সাংসদ। যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক।

এখন প্রশ্ন কী এই ফর্ম ১৭সি , এই ফর্ম হল একটি নথি যা প্রতিটি পোলিং বুথে দেওয়া ভোটের সংখ্যা রেকর্ড করে এবং প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের দ্বারা স্বাক্ষরিত হয়। আপ শিবিরের অভিযোগ এই বুথ ভিত্তিক তথ্য ভোট হয়ে যাওয়ার একদিন পরও নির্বাচন কমিশন তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করেনি।
এই প্রসঙ্গে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, একজন দশম শ্রেণির ছাত্রও এটা ওয়েবসাইটে আপলোড করে দিতে পারবে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কাজটা করা গেল না। ফর্ম ১৭সি নিয়ে ভোটের পর থেকেই আপের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে নির্বাচন কমিশনের। আপ সুপ্রিমো সোশ্যাল মিডিয়ায় কমিশনের কাজের বিরুদ্ধে পোস্ট করে সরব হয়েছিলেন। এবার তাঁর দলের রাজ্যসভার সাংসদও এই বিষয়ে কমিশনকে কটাক্ষ করলেন।
কেজরিওয়াল আগেই বলেছিলেন, নির্বাচন কমিশন একাধিক অনুরোধ সত্ত্বেও ফর্ম ১৭সি এবং প্রতিটি বিধানসভায় প্রতি বুথে ভোটের সংখ্যা আপলোড করেনি। আম আদমি পার্টির পক্ষ থেকে আমরা প্রতিটি বিধানসভার জন্য সমস্ত ফর্ম ফর্ম ১৭সি রেকর্ড আপলোড করেছি একটি ওয়েবসাইট তৈরি করে । সেই সাইটেই প্রতিটি বুথে ভোটের বিবরণ রয়েছে।
উল্লেখ্য , এবার রাজধানী রাজ্যের ক্ষমতা দখলের পথে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে দিল্লি দখলের পথেই বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচন। ৭০ টি কেন্দ্রে একই দিনে ভোট গ্রহণ হয়েছে। দিল্লি বিধানসভার ম্যাজিক ফিগার ৩৬। এবার ভোটে আপের হারার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাধিক তারকা প্রার্থী পিছিয়ে আছেন।












Click it and Unblock the Notifications