একদিনে আক্রান্ত ২৮,৮৬৭, মহামারি শুরুর পর সর্বোচ্চ কেস সনাক্ত দিল্লিতে
দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত ২৮,৮৬৭ জন
দেশজুড়ে করোনা ভাইরাসের বৃদ্ধি ক্রমশঃ উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্র সরকারের। যার মধ্যে দিল্লির অবস্থা বেশ শোচনীয়। বৃহস্পতিবারই জাতীয় রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮,৮৬৭ জন, যা মহামারি শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ বলে জানা গিয়েছে।

দিল্লিতে করোনার পজিটিভিটি হার দাঁড়িয়ে রয়েছে ২৯.২১ শতাংশ। এর অর্থ হল দিল্লিতে প্রতি তিনজনের করোনা টেস্টের মধ্যে একজন করোনা পজিটিভ হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে জাতীয় রাজধানীতে সক্রিয় করোনা কেস দাঁড়িয়ে রয়েছে ৯৪,১৬০টি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ৩১ জন করোনায় মারা গিয়েছে বলে রিপোর্ট হয়েছে। এখানে উল্লেখ্য, দ্বিতীয় ওয়েভের শিখরের সময় গত বছর ২০ এপ্রিল দিল্লিতে দৈনিক সর্বোচ্চ করোনা কেস রিপোর্ট হয়েছিল ২৮,৩৯৫টি।
বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন সাংবাদিকদের জানিয়েছিলেন যে জাতীয় রাজধানীতে কোভিড–১৯ কেসের বৃদ্ধি সত্ত্বেও হাসপাতালে ভর্তির হার স্থিতিশীল ছিল। তিনি এও জানিয়েছেন যে গত চারদিনে হাসপাতালে ভর্তির হার একই রয়েছে এবং দিল্লিতে খুব শীঘ্রই করোনা কেস হ্রাস পেতে শুরু করবে। জৈন যদিও জানান যে দিল্লিতে পূর্ণ লকডাউন করার সরকারের কোনও পরিকল্পনা নেই। স্বাস্থ্য মন্ত্রী বলেন, 'দিল্লিতে হাসপাতালে বেড দখলের হার দাঁড়িয়ে রয়েছে ১৫ শতাংশে। মৃত্যু অডিট কমিটি দেখেছে যে দিল্লিতে প্রাণহানির ঘটনা বেশির ভাগ ক্ষেত্রেই ঘটেছে যাঁরা একাধিক রোগে আক্রান্ত।’ দিল্লির করোনা ভাইরাসের কেস বৃদ্ধির ফলে একাধিক বিধি–নিষেধ আরোপ করা হয়েছে গোটা রাজধানী জুড়ে। রেস্তোরা–পানশালায় বসে খাওয়ার সুবিধার ওপর নিষেধাজ্ঞা জারি থেকে ওয়ার্ক ফ্রম হোমের নিয়মও কার্যকর করা হয়েছে।
দিল্লির পাশাপাশি মুম্বইতে করোনা কেস বৃদ্ধি পাচ্ছে। তবে বৃহস্পতিবার মুম্বইতে কোভিড কেস ১৬.৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার বাণিজ্যনগরীতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩,৭০২ জন। বুধবার মুম্বইতে ১৬,৪২০টি কোভিড কেস রিপোর্ট হয়েছে বলে জানা গিয়েছে। বিএমসি এদিন জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় মুম্বইতে ৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। বিএমসি জানিয়েছে, শহরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৬৯,৯৮৯ জন এবং মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৬,৪২৬। শুধু তাই নয়, করোনা পজিটিভিটি হারও বুধবার ২৪.৩৮ শতাংশের চেয়ে বৃহস্পতিবার ২১.৭৩ শতাংশে নেমে এসেছে।












Click it and Unblock the Notifications