আত্মঘাতী জঙ্গি হানা হতে পারে বলে জানাল আইবি, লাল সতর্কতা জারি দিল্লিতে
নয়াদিল্লি, ৫ এপ্রিল : রাজধানীতে ফিদায়েঁ হামলা (আত্মঘাতী হামলা) হতে পারে বলে দিল্লি পুলিশকে সর্তক করল ইনটেলিজেন্সি ব্যুরো (আইবি)৷
জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ঠিক যেভাবে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা, দিল্লির ক্ষেত্রেও ঠিক সেই পন্থাই অবলম্বন করে হামলা করতে পারে জঙ্গিরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইবির রিপোর্ট৷

এর জেরে ইতিমধ্যেই দিল্লি জুড়ে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে৷ জঙ্গি হামলা রুখতে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে৷
আইবির তরফে জানানো হয়েছে যে, দেশের সীমান্তবর্তী এলাকা ও স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ করে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে৷ জৈশ-ই-মহম্মদ, আল-বদর ও তেহরিক-ই-জেহাদ জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাতে পারে বলে খবর৷
গোয়েন্দারা জানিয়েছেন, ২০ মার্চ জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় তিন সেনা অফিসার সহ দু'জন নাগরিককে খুন করে৷ এর পরেরদিনই সাম্বা জেলার জম্মু-পাঠানকোট হাইওয়ের সেনা ক্যাম্পে প্রবেশ করে প্রকাশ্যে গুলি করে দুই জঙ্গি৷ ঠিক এভাবেই দিল্লিতে হামলা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা৷












Click it and Unblock the Notifications