ফের গ্রেফতার অবৈধ বাংলাদেশি, দিল্লি পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
দিল্লিতে সরকার বদলেছে, তবে অবৈধ বাংলাদেশিদের সন্ধান চালানো থেমে যায়নি। দিল্লি পুলিশ লাগাতার এই অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সেই অভিযান চালাতে গিয়েই দিল্লি পুলিশ ২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে, যারা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কীভাবে ধরা পড়লেন এই বাংলাদেশি নাগরিকরা?
পুলিশের মতে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। অভিযান চলাকালীন তাদের কাছ থেকে সন্দেহজনক নথিপত্রও উদ্ধার করা হয়েছে।

১০ মার্চ গোপন সূত্রের ভিত্তিতে দিল্লির মুন্ডকা, বাবা হরিদাস কলোনি, সুলতান পুরী, বেনিওয়াল লোহা মান্ডি, ইন্দ্র ঝিল ও কামরুদ্দিন নগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ১১ মার্চ দিল্লি পুলিশের Foreigner Cell তিনজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে। এই অভিযানের নেতৃত্ব দেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) শচীন শর্মা।
পুলিশ জানিয়েছে, দিল্লির পুলিশ কমিশনারের নির্দেশে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবৈধ অভিবাসন বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিসিপি শচীন শর্মা এই প্রসঙ্গে বলেন, "বিশেষ অভিযানের অংশ হিসেবে, সম্প্রতি বহিষ্কৃত তিনজন বাংলাদেশি নাগরিককে পুনরায় ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা ও অভিবাসন নীতির লঙ্ঘন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে"।
এদিকে, ১১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় 'অভিবাসন ও বিদেশী বিল ২০২৫' পেশ করেছেন। এই বিলের লক্ষ্য ভারতের অভিবাসন আইনকে আধুনিকীকরণ ও আরও কঠোর করা। বিদেশিদের ভারতে প্রবেশ, প্রস্থান, ভিসা, পাসপোর্ট ও নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে সরকারকে নতুন ক্ষমতা দেবে এই বিল।
দিল্লিতে অবৈধ অভিবাসীদের ধরতে পুলিশের বড় অভিযান চলছে এবং তা ভবিষ্যতেও চলবে। অবৈধ অভিবাসন রোধে কেন্দ্রও নতুন আইন আনতে চলেছে। ভবিষ্যতে এ ধরনের কঠোর পদক্ষেপ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। দেশের নিরাপত্তার স্বার্থে পুলিশ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।












Click it and Unblock the Notifications