জেএনইউ-র নিখোঁজ ছাত্রের খোঁজে তদন্ত শুরু করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
গত ১৫ ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান নাজিব আহমেদে। দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার জানান, নিখোঁজ ছাত্র কে খুঁজতে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চকে।
নয়াদিল্লি, ১২ নভেম্বর : দিল্লির জওহরলাল নেহুরু বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নিখোঁজের ঘটনায় রহস্য ক্রমশ বাড়ছে। গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান নাজিব আহমেদে নামের এক ছাত্র। এরপর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।
এরমধ্যেই সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার আর পি উপাধ্যায় জানান, নিখোঁজ ছাত্র কে খুঁজতে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চকে। উল্লেখ্যে কয়েকদিন আগেই নিখোঁজ নাজিবের মা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। এরপরেই দিল্লি পুলিসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

১৫ ই অক্টোবর দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে নাজিব আহমেদ নিখোঁজ হওয়ার পরেই ছাত্র-ছাত্রীরা উপাচার্য কে ঘেরাও করেন। এরপর থেকে লাগাতার বিক্ষোভ আন্দোলোন চলছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে। পরিস্থিতি সামাল দিতে আগেই আসরে নেমেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিজে সেই সময় সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন।
রাজনাথ সিং এর নির্দেশ অনুযায়ী সিট গঠন করা হলেও ছাত্র নিখোঁজের ঘটনার কোনও কিনারা করা যায়নি। এরমধ্যে পুলিশি নিষ্ক্রিওতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রতিবাদ মিছিলে সামিল হন নাজিবের মা ও বোন। মিছল থেকে তাদের আটক করা হয়।
এই ঘটনার পর থেকে সরকার ও পুলিশের সমালোচনায় আবারও সরব হতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিলে তদন্ত ভার তুলে দেওয়া হল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। সেই অনুযায়ী নতুন করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications