Delhi Next CM: ফের দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী! বড় চমক দিতে চলেছে বিজেপি, তুঙ্গে জল্পনা
Delhi Next CM: দিল্লিতে বিধানসভা নির্বাচনে বিজেপির দুরন্ত জয়ের ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে অব্যাহত জল্পনা। সূত্রের খবর, একটি দুটি নয়, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির অন্দরে ঘুরপাক খাচ্ছে একাধিক নাম। দলীয় সূত্রে আরও খবর, রাজধানীর শাসনের দায়ভার দেওয়া হতে কোনও মহিলা বিধায়ককেই।
অর্থাৎ, আবারও মহিলা মুখ্যমন্ত্রী (Woman CM) পেতে পারে দিল্লি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৪৮টিই পেয়েছে বিজেপি। আম আদমি পার্টির প্রায় এক দশকের শাসনকালে ইতি টেনে মসনদ দখল করেছে বিজেপি। এবার জল্পনা শুরু হয়েছে শীর্ষ পদ নিয়ে।

বিধায়কদের মধ্যে নতুন মুখ এমন কাউকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে সূত্রের খবর। এতদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলাই। আপের অতিশী মারলেনাকে (Atishi Marlena) দায়িত্ব সঁপে দিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
তবে রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বিজেপির প্রবেশ ভার্মা। খোদ নয়াদিল্লি আসনেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন প্রবেশ। পশ্চিম দিল্লির পরপর ২ বারের বিধায়ক প্রবেশ আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার পুত্র। কাজেই তার যে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তা সন্দেহাতীত।
মুখ্যমন্ত্রীর দৌড়ে অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন দিল্লি বিজেপির প্রধান তথা মালব্যনগরের নবনির্বাচিত বিধায়ক সতীশ উপাধ্যায়, দলের বরিষ্ঠ নেতা বিজেন্দ্র গুপ্তা, জনকপুরীর নবনির্বাচিত বিধায়ক আশিস সুদ ও উত্তমনগরের নবনির্বাচিত বিধায়ক পবন শর্মা। তবে এই সমস্ত জল্পনা দূর করে মুখ্যমন্ত্রী হিসেবে একজন মহিলা বিধায়ককে বেছে নিতে পারে বিজেপি।
তবে শুধু মহিলা মুখ্যমন্ত্রীই নয়, উপমুখ্যমন্ত্রী পদেও চমক দিতে পারে বিজেপি। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদে অনগ্রসর শ্রেণী থেকে কাউকে বেছে নিতে পারে বিজেপি। বিজেপি সূত্রে খবর, এবারের দিল্লি বিধানসভায় মহিলা ও দলিতদের বেশি করে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ মহিলা ও দলিত জনপ্রতিনিধির সংখ্যা বেশি রাখা হবে।
এবারের ভোটে বিজেপির চার মহিলা প্রার্থী বিপুল মার্জিনে জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রেখা গুপ্তা। শালিমার বাগ আসনে ৬৮ হাজার ২০০টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী আপ প্রার্থী বন্দনা কুমারীকে ২৯ হাজার ৫৯৫ ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। গ্রেটার কৈলাস আসনে জিতেছেন বিজেপির শিখা রায়। আপের হেভিওয়েট প্রার্থী সৌরভ ভরদ্বাজকে ৩ হাজার ১৮৮টি ভোটে পরাস্ত করেছেন তিনি।
এছাড়াও রয়েছেন বিজেপির পুনম শর্মা। ওয়াজিরপুর আসন থেকে ৫৪ হাজার ৭২১টি ভোট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ আপের রাজেশ গুপ্তাকে ১১ হাজার ৪২৫টি ভোটে হারিয়েছেন তিনি। নাজাফগঢ় আসন থেকে নীলম পেহেলওয়ান ১ লক্ষ ১ হাজার ৭০৮টি ভোট পেয়ে জিতেছেন। ২৯ হাজার ৯টি ভোটে আপের তরুণ কুমারকে পরাজিত করেছেন তিনি। সূত্রের খবর, এই নামগুলি থেকেই কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে বিজেপি।












Click it and Unblock the Notifications