করওয়াচৌথের ব্রত কেন পালন হয়নি, রাগে স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী
করওয়াচৌথের ব্রত না রাখায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মঘাতী হলেন দিল্লির এক যুবক
করওয়াচৌথের ব্রত না রাখায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মঘাতী হলেন দিল্লির এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসবিন্দর সিং নামে বছর বত্রিশের ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোটা ঘটনাই ঘটেছে ওই দম্পতির ৪ বছরের শিশুর সামনেই।

উত্তর-পূর্ব দিল্লির রোহিণী এলাকার ওই দম্পতি সম্প্রতি ডিভোর্সের জন্য আদালতে আবেদন করেছেন এবং কিছুদিন ধরে আলাদাই থাকছিলেন বলে জানা গিয়েছে। রবিবার আদালতের নির্দেশ মেনে মেয়েকে দেখতে স্ত্রীর বাড়িতে যান জসবিন্দর। সেখানেই ছাদে গিয়ে দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে নিচে আসত দেখে বাড়ির সবাই ও প্রতিবেশীরা ছুটে ছাদে যান। সবাইকে একসঙ্গে আসতে দেখে ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হন জসবিন্দর।
হাসপাতালে জ্ঞান ফেরার পর আহত মহিলা জানিয়েছেন, গত পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু নানা বৈবাহিক সমস্যার জেরে তাঁরা আলাদা হয়ে যান। গত পাঁচ বছরে এই প্রথম তিনি করওয়াচৌথের ব্রত পালন করেননি। তা নিয়েই জসবিন্দর খুবই অসন্তুষ্ট ছিলেন । এদিকে এই ঘটনার পরই কে এন কাটজু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুজনের মধ্য ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications