দিল্লির হাসপাতালে কোন রোগীদের চিকিৎসা চলবে! কেজরি-উপরাজ্যপাল সংঘাত শুরু
দিল্লির হাসপাতালে কোন রোগীদেরই শুধু চিকিৎসা চলবে? এই প্রশ্ন নিয়ে কার্যত দিল্লির উপরাজ্যপালের সঙ্গে সংঘাত শুরু মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল রবিবার জানান যে দিল্লির হাসপাতালে কেবলমাত্র দিল্লির বাসিন্দারাই করোনার চিকিৎসা করতে পারবেন। যা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে যায়। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বয়ানের ২৪ ঘণ্টা পার হতেই দিল্লির উপরাজ্যপাল মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তকে খারিজ করেন।

উল্লেখ্য, দিল্লির লেফটেন্ট গভর্নর অনিল বৈজালের দফতর থেকে এদিন একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ' কোনও রকমের বিভাজন ছাড়া দিল্লির হাসপাতালে সকলেই সমান চিকিৎসা পাবেন। তিনি দিল্লিবাসী নন, এমন যুক্তি দেখিয়ে কোনও রোগীকে হাসপাতাল ফেরাতে পারবে না।' এদিকে অনিল বৈজালের এমন বার্তার পরেই হুঙ্কার দিয়ে ওঠেন কেজরিওয়াল।
এদিন কেজরিওয়াল একটি টুইটে সাফ জানান, 'লেফ্টনেন্ট গভর্নরের আদেশ দিল্লির জন্য বড় সমস্যা আর চ্যালেঞ্জ তৈরি করবে।দেশের বিভিন্ন অংশ থেকে আসা মানুষের জন্য করোনা মহামারীতে চিকিৎসা করানো খুব বড় চ্যালেঞ্জ। '
তিনি লেখেন,'হয়তো ঈশ্বরের ইচ্ছা এটাই যে আমরা সারা দেশের মানুষের সেবা করি।আমরা সবাইকার চিকিৎসার বন্দোবস্তের চেষ্টা করব।' কেজরিওয়ালের এই বার্তার পর উপরাজ্যপাল বনাম কেজরিওয়াল সংঘাত ঘিরে দিল্লির রাজনৈতিক পারদ চড়ে যায়। এদিকে, করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে আপাতত রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications