মুসলিম দেশগুলি ব্যর্থ! ইজরায়েল-হামাস যুদ্ধ বন্ধ করতে মোদীতেই আস্থা জামা মসজিদের ইমামের
সাতই অক্টোবর হামাসের আক্রমণের পরে জবাব দিতে শুরু করে ইজরায়েল। জানুয়ারির সাত তারিখে সেই যুদ্ধের তিন মাস পূর্ণ হবে। আরব দুনিয়ার দেশগুলি এই যুদ্ধ থামাতে পারেনি। এরই মধ্যে এই যুদ্ধে তেইশ হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একুশ হাজারের বেশি প্যালেস্টাইনের বাসিন্দা। গাজায় তৈরি হয়েছে মানবিক সংকট।
ইজয়ারেল-প্যালেস্টাইনের সংঘাত নিয়ে মুসলিম দেশগুলি তাদের দায়িত্ব পালন করেনি বলেই মনে করেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি। সেই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের ওপরে কূটনৈতিক চাপ তৈরির করে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি বলেছেন, ফিলিস্তিনি ইস্যুটি এমন একটা জায়গায় পৌঁছেছে, যেখানে রাষ্ট্রসংঘ, আরব লিগ এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের প্রস্তাবের অধীনে এই সমস্যার স্থায়ী সমাধান করা প্রয়োজন।
দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ বুখারি আরও বলেছেন, মুসলিম বিশ্ব এনিয়ে তাদের দায়িত্ব পালন করেনি। যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল তা তারা নেয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক। সব শেষে তিনি আশা প্রকাশ করেছেন, দেশের প্রধানমন্ত্রী মোদী যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক চাপ প্রয়োগ করবেন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সমস্যার সমাধান করবেন।
উল্লেখ করা যেতে পারে এই মাসের শুরুর দিকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারত ইজরায়েল-হামাসের যুদ্ধ বন্ধ করতে এবং সব পণবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে খড়সা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
আরও উল্লেখ করা যেতে পারে, গত সাত অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলের ওপরে সব থেকে বড় হামলা চালায়। সেই সময় হামাস জঙ্গিরা ইজরায়েলের প্রায় বারোশো সাধারণ মানুষকে হত্যা করে। এছাড়া প্রায় আড়াইশো জনকে পণবন্দি করে তারা। এই পণবন্দিদের অনেককে যেমন হামাস মুক্তি দিয়েছে, আবার অনেকের দেহ উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications