ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, আজ সব স্কুল বন্ধের নির্দেশ
ভারী বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানানো হয়েছিল। সেই আশঙ্কাই সত্য হল৷ রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টি চলল রাজধানী দিল্লিতে। আরও একবার বিপর্যয়ের মুখোমুখি দেশের রাজধানী৷
গতকাল রাত থেকেই ভারী বর্ষণ শুরু হয়। প্রচুর মেঘ দিল্লির আকাশে রয়েছে। সেই অশনীসঙ্কেত দিয়েছিল দিল্লির মৌসম ভবন। রাতভর বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে৷ এক ব্যক্তি নিখোঁজ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা আজ বৃহস্পতিবার। সেজন্য দিল্লির সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে৷ রাজধানীর সব স্কুল আজ বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে। দিল্লির সরকার স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে।
দিল্লির উড়ান ওঠানামাতেও সমস্যা দেখা গিয়েছে। দিল্লি বিমান বন্দরও বৃষ্টিতে বিপর্যস্ত৷ বহু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য বাতিল হয়েছে একাধিক বিমান। বিমান বন্দরেই বহু যাত্রী অপেক্ষা করছেন।
রাতের বৃষ্টিতেই জল দাঁড়িয়ে গিয়েছে দিল্লির বহু জায়গায়। ফলে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। আইটিও জংশন, মিন্টো রোড, কনট প্লেস এলাকায় জল দাঁড়িয়ে আছে। একটি স্কুলের দেওয়ালের অংশ ভেঙে পড়েছে দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে৷ আরও কয়েকটি বাড়ি ভেঙে পড়ার কথা শোনা গিয়েছে।
একাধিক আন্ডার পাস জলের তলায়৷ সেগুলি এই মুহূর্তে যাতায়াতের উপযুক্ত নয়। চাঁদনিচক এলাকায় এক ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছেন বলে খবর। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও রয়েছে দিল্লির বুকে। ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
এর আগের বৃষ্টিতে রাজিন্দার নগরে প্রবল জল জমে গিয়েছিল। কোচিং সেন্টারের বেসমেন্টে জল দাঁড়িয়ে যায়। তিন পড়ুয়া জমা জলে আটকে মারা যান। সেই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। এবারের বৃষ্টিতেও ওই এলাকা জলমগ্ন।
আজ বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে দিল্লি। আবহাওয়া দফতর থেকে লাল সতর্কতাও জারি করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।












Click it and Unblock the Notifications