দিল্লির প্রশাসনিক ক্ষমতা থাকছে লেফটেন্যান্ট গভর্নরের হাতেই, অর্ডিন্যান্স জারি কেন্দ্রের
অর্ডিন্যান্স জারি করে জাতীয় রাজধানী দিল্লির প্রশাসনিক ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতেই ন্যস্ত রাখার কথা জানিয়েছে কেন্দ্র সরকার। এর আগে সুপ্রিম কোর্টে এই মামলা গড়ালে প্রশাসনিক ক্ষমতা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকারের হাতেই থাকার রায় দেয় সর্বোচ্চ আদালত।
এদিন সেই রায়কে কার্য়ত অস্বীকার করে কেন্দ্র অর্ডিন্যান্স জারি করেছে। ফলে ট্রান্সফার পোস্টিং, নজরদারি ও অন্যান্য নানা বিষয়ে শেষ কথা বলবেন উপরাজ্যপাল তথা লেফটেন্যান্ট গভর্নরই। যদিও গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে তা দিল্লি সরকারের হাতে থাকবে বলে আদেশ করা হয়েছিল।

এদিন অর্ডিন্যান্স জারি করতে গিয়ে বলা হয়েছে, স্থানীয় ও জাতীয় গণতান্ত্রিক স্বার্থকে বজায় রাখতে ও কেন্দ্র-রাজ্য সমন্বয়ের স্বার্থে এই ব্যবস্থা বলবত করা হয়েছে। ফলে দিল্লি সরকারকে ট্রান্সফার পোস্টিং, নজরদারি ও অন্যান্য নানা বিষয়ে উপরাজ্যপালের কাছে সুপারিশ করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপালই।
গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্য়াপিটাল টেরিটোরি অফ দিল্লি (GNCTD) নামে স্থায়ী সংস্থা তৈরি করা হয়েছে। তার মাথায় থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং তারাই যেকোনও বিষয় নিয়ে উপরাজ্যপালের কাছে সুপারিশ করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উপরাজ্যপাল।

এই গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্য়াপিটাল টেরিটোরি অফ দিল্লির শীর্ষে মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি দিল্লির মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবও থাকবেন। ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর তা উপরাজ্যপালের কাছে যাবে। কোনও সংশোধনের প্রয়োজন হলে সুপারিশ সংশোধনের জন্যও ফেরত পাঠানো যাবে বলে অর্ডিন্যান্সে জানানো হয়েছে।
প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে নানা বিষয়ে বিরোধ চূড়ায় ওঠে আম আদমি পার্টি সরকারের। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে ব্যক্তিগত সংঘাতে জড়িয়ে পড়েন আম নেতা-মন্ত্রীরা। তারপর সুপ্রিম রায়ে দিল্লি সরকারের জয় হলেও সেই জয় কার্যত নিষ্প্রভ হয়ে গেল কেন্দ্রের অর্ডিন্যান্স জারির কারণে।
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রশাসনিক বিষয়ে রাজ্য প্রশাসন সমস্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ রাজ্যপালকে ঘুরিয়ে সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। উপরাজ্যপাল হিসাবে যেকোনও পরামর্শ লেফটেন্যান্ট গভর্নর দিল্লি প্রশাসনকে অর্থাৎ মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভাকে দিতে পারবেন বলেও স্পষ্ট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications