বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে রাজ্যের স্কুল গুলিকে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দিল্লি সরকারের
আগাম সতর্কতার পাশাপাশি ছিল সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা। সেসবের তোয়াক্কা না করেই দীপাবলিতে দেদার আতস বাজির রমরমায় মেতে উঠেছিলো রাজধানী। আর যার ফলে আবারও বায়ু দূষণের কবলে দিল্লি। এবার তার জেরে বর্তমানে মাশুল দিতে হচ্ছে দিল্লির স্কুল পড়ুয়াদের। বায়ুদূষণের কবল থেকে ক্ষুদে পড়ুয়াদের বাঁচাতে এবার জারি করা হল সরকারি নির্দেশিকা।

সমস্ত সরকারি,সরকারি সাহায্যপ্রাপ্ত, ও সরকারি অনুমোদিত বিদ্যালয় গুলিতে ওই নির্দেশিকা পাঠিয়ে স্কুলের বাইরের সমস্ত কার্যকলাপ ও খেলাধুলা থেকে ছাত্রছাত্রীদের বিরত রাখতে বলা হয়েছে। পাশাপাশি বায়ু দূষণের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের পড়ুয়ারা যাতে প্রয়োজনের বাইরে বাড়ির বাইরে না বেরোয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে অনুরোধ করা হয়েছে তাদের অভিভাবকদের।
শিশুদের উপর বায়ুদূষণের দীর্ঘমেয়াদি ক্ষতিকারক প্রভাব এড়াতে অভিভাবকদের প্রতিরোধমূলক ব্যবস্থাও নিতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। বায়ুদূষণের কবল থেকে বাঁচতে মুখোশ ব্যবহারের কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়। ইতিমধ্যেই নয়ডার কয়েকটি স্কুলে এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে নোয়ডার ৩৪ নম্বর সেক্টরের বিল্লাবং হাই ইন্টারন্যাশনাল স্কুলের তরফে এই ধরণের বিজ্ঞপ্তি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়, অতিরিক্ত ধোঁয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বিদ্যালয়ের আনুষঙ্গিক সমস্ত বাইরের কার্যক্রম বাতিল করা হচ্ছে। আবহাওয়া পরিষ্কার হওয়ার পাশাপাশি বাতাস স্বাস্থ্যপোযোগী না হওয়া পর্যন্ত স্কুলের খেলাধুলা সহ ও বাইরের সমস্তরকম কার্যকলাপ বন্ধ থাকবে।
এদিকে প্রত্যেক বছরের মতো এই বছরেরও দীপাবলির পর রাজধানী ও পার্শ্ববর্তী গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদ সহ বিভিন্ন এলাকায় বায়ু দূষণের কবলে পরে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে সাধারণ মানুষের।












Click it and Unblock the Notifications