Delhi Election Result: পরপর তিনবার, দিল্লির ভোটে শূন্যে হ্যাটট্রিক কংগ্রেসের! একা লড়াই কাল হল?
Delhi Assembly Election Result: দিল্লির ভোটে কংগ্রেসের (Congress) বড় বিপর্যয়। টানা তিন তিনবার রাজধানীর ভোটে খাতাই খুলতে পারল না হাত শিবির। কার্যত শূন্যে (Zero Seats) হ্যাটট্রিক করতে চলেছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) দল।
শনিবার সকাল থেকেই প্রাথমিক ট্রেন্ড যা বলছে, তাতে কংগ্রেসের ঝুলি এবারেও শূন্যই থাকছে। বেলা সাড়ে এগারোটার ট্রেন্ড অনুযায়ী, দিল্লিতে আপ এগিয়ে ২৭ আসনে, বিজেপি ৪৩ আসনে এগিয়ে, কংগ্রেসের আসন শূন্য।

সেই ২০১৩ তেই শেষবার। টানা ১৫ বছর শাসনে ইতির পর খরা শুরু হয়েছিল কংগ্রেসের। যদিও বারবার পর্যুদস্ত হতে হয়েছে হাত শিবিরকে। ২০১৩ সালে মাত্র ৮টি আসন জিতেছিল কংগ্রেস। ২৪.৫৫ শতাংশ ভোট গিয়েছিল তাদের ঝুলিতে।
অন্যদিকে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৩.০৭ শতাংশ ও আপ ২৯.৪৯ শতাংশ ভোট পেয়েছিল। ২০১৫-তে রাজধানীতে কংগ্রেসের জরাজীর্ণ দশা আরও প্রকট হয়ে ওঠে। সেবারে ৭০টির একটিও আসন জেতেনি তারা।
২০১৫ থেকে ২০২০, ৫ বছর পরেও ফের ঝুলি শূন্যই থাকে কংগ্রেসের। শিলা দীক্ষিতের জমানায় দাপুটে কংগ্রেস কার্যত নিস্তেজ হয়ে পড়েছে রাজধানীতে। এবারে অর্থাৎ ২০২৫ সালের ভোটেও এখনও অবধি খাতাই খুলতে পারেনি হাত শিবির। প্রাথমিক ট্রেন্ডে বাদলি আসনে কংগ্রেস এগিয়ে থাকলেও পরে বিজেপি প্রার্থী আহির দীপক চৌধরি সেখানে এগিয়ে যায়। ওই আসনে এতদিন বিধায়ক ছিলেন আপের অজেশ যাদব।
এদিকে, মুস্তফাবাদ আসনে ৪৫ শতাংশের বেশি মুসলিম ভোট (Muslims Vote) রয়েছে। উল্লেখযোগ্যভাবে বিজেপি এগিয়ে গিয়েছে সেখানে। কংগ্রেস সেখানে পিছিয়ে পড়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই দিল্লিবাসী যে এবারের ভোটে কংগ্রেসকে কার্যত প্রত্যাখ্যান করেছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। দিল্লিতে হ্যাটট্রিক করার স্বপ্ন অধরা থেকে যাচ্ছে আম আদমি পার্টিরও। ফলাফল বলছে, দিল্লির মন পেল বিজেপিই।
বুধবার ভোটগ্রহণ শেষে দিল্লির ভোটের বুথ ফেরত সমীক্ষা করেছিল পোলস্টারগুলি। সেখানেও প্রায় সব সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছিল বিজেপিকে। হাড্ডাহাড্ডি লড়াই করেও আপের ভাগ্যে এবারে শিঁকে ছিঁড়বে না বলেই পূর্বাভাস ছিল।
কংগ্রেসকে ০ থেকে ১টি আসন দেওয়া হয়েছিল সমীক্ষায়। ফলাফলের ট্রেন্ড বলছে, শূন্যেই থেকে যাচ্ছে কংগ্রেস। আপের সঙ্গে জোট না করে একা লড়ার অতি আত্মবিশ্বাসই কি কাল হল? সেই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে রাজধানীর রাজনীতিতে।












Click it and Unblock the Notifications