Delhi Election 2025: জমি চেয়ে মোদীকে চিঠি কেজরিওয়ালের, নির্বাচনের আগে নয়া ঘোষণা আম আদমি পার্টির
শীতের মধ্যেই উত্তাপ বৃদ্ধি পাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের। আম আদমি পার্টির কাছে দিল্লির মসনদ ধরে রাখার লড়াই। অন্যদিকে রাজধানী শহরে ক্ষমতা দখলে মরিয়ে বিজেপিও। ফলে নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে। এরইমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
ভোটের আগে নিন্ম বর্ণের মানুষের এবং সরকারী কর্মচারীদের মন পেতে নতুন তাস খেললেন কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি লিখে, রাজ্যে স্যানিটেশন কর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য বাড়ি নির্মাণের জন্য ভর্তুকিযুক্ত জমির আবেদন করলেন। ক্ষমতায় এলে এই জমিতে তাঁদের গৃহ নির্মাণ করে দেবে দিল্লি সরকার।

রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল বলেছেন, কেন্দ্র যদি জমি দেয় তবে দিল্লি সরকার স্যানিটেশন কর্মীদের জন্য বাড়ি তৈরি করবে। আমি স্যানিটেশন কর্মীদের বস্তিতে জীবন কাটাতে দেখেছি। তাদের বাড়ির প্রয়োজন আছে। যেহেতু দিল্লির জমি কেন্দ্রের অধীনে আসে। তাই, কেন্দ্র যদি ভর্তুকি সহ সেই জমি প্রদান করে তাহলে আমরা( দিল্লি সরকার) স্যানিটেশন কর্মীদের জন্য বাড়ি তৈরি করে শুরু করতে পারি। কারণ দিল্লিতে জমির দাম বেশি।
একইসঙ্গে কেজরিওয়াল বলেছেন, আমি অনুরোধ করেছি যে আমরা এই প্রকল্পটি নগর নিগমের স্যানিটেশন কর্মীদের থেকে শুরু করা হোক। কেন্দ্রীয় সরকার জমি দেবে এবং দিল্লি সরকার বাড়ি তৈরি করবে। পরবর্তী কালে আমরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত করব অন্য সরকারী কর্মচারীদেরও।
আপ প্রধান উল্লেখ করেছেন, আমি আশা করি কেন্দ্র এবং প্রধানমন্ত্রী এতে একমত হবেন কারণ এই প্রকল্প বাস্তবায়ন হলে গরিব মানুষ মাথার উপরে পাকা ছাঁদ পাবেন, নিজস্ব বাড়িতে থাকতে পারবেন। পরবর্তীতে, এই প্রকল্পটি অন্যান্য সরকারি কর্মীদের জন্যও প্রয়োগ করা যেতে পারে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জোর টক্কর আপ এবং বিজেপির। লড়াইয়ে রয়েছে কংগ্রেসও। এর আগে একাধিক বিষয়ে মোদীকে চিঠি লিখেছেন কেজরিওয়াল। শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে মেট্রোয় ছাড়ের আবেদন করছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দাবি করেন, আপ সরকার পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ভাবনাচিন্তা করছে। এরআগে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্য়বস্থা করেছে দিল্লি সরকার।
ফলে বিজেপি এবং আপ দুই জনেই একের পর এক প্রকল্প চালু করার ঘোষণা করছেন ভোটাদের মন জয়ে।












Click it and Unblock the Notifications