দিল্লিতে গণধর্ষণ! চলন্ত স্লিপার বাসে নারকীয় কাণ্ড, পুলিশের জালে চালক ও কন্ডাক্টর
দিল্লিতে চলন্ত স্লিপার বাসের মধ্যে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নির্যাতিতা মহিলা উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহার এলাকার বি-ব্লক বাস স্ট্যান্ডের কাছে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি মঙ্গলপুরীর একটি কারখানায় কর্মরত এবং পিতমপুরার একটি বস্তিতে পরিবারের সঙ্গে বসবাস করেন। অভিযোগ রয়েছে, ঘটনার সময় তিনি ই-রিকশা থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন।

রাত প্রায় ১২টা নাগাদ বাস স্ট্যান্ডের কাছে একটি স্লিপার বাস থামে। মহিলা বাসের পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে সময় জিজ্ঞাসা করলে, সে তাঁকে কাছে আসার ইশারা করে। এরপর দুজন পুরুষ তাকে বাসের ভিতরে টেনে নিয়ে যায় এবং চলন্ত বাসের মধ্যেই তাকে কয়েক কিলোমিটার নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার পর বাসটি নাংলোই মেট্রো স্টেশনের কাছে থামে। সেখানে অভিযুক্তরা মহিলাকে ফেলে পালিয়ে যায়। দ্রুত তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দু’জনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে।
এদিকে, দিল্লিতে অপর একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী আম আদমি পার্টি (আপ) প্রতিবাদে নেমেছে। বুধবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আপের কয়েকজন নেতা আটক হয়েছেন।
আপের দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ-সহ একাধিক নেতা সেদিন রাজভবনের বাইরে জড়ো হয়েছিলেন। তারা জনকপুরীর একটি স্কুলে তিন বছর বয়সী এক শিশুর যৌন হেনস্থার ঘটনা নিয়ে লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সাধুর সঙ্গে সাক্ষাতের দাবি জানান।
আপের অভিযোগ, তাদের প্রতিনিধিদলটি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও সাক্ষাতের সুযোগ পায়নি। দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্যাতিতা শিশুটির বাবা-মাকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে তারা কথা বলতে চেয়েছিল।
পুলিশের এই পদক্ষেপকে "অমানবিক" আখ্যা দিয়ে আপ সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, "লেফট্যানেন্ট গভর্নরের রিল বানানোর সময় আছে, কিন্তু সাধারণ মানুষের সমস্যা শোনার সময় নেই।" তিনি জানান, শিশুটির বিচার চেয়ে আপের এই লড়াই জারি থাকবে।
ভরদ্বাজকে আটকের একটি ভিডিও শেয়ার করে প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 'এক্স' প্ল্যাটফর্মে লিখেছেন, "একটি তিন বছরের ছোট্ট মেয়ের বিরুদ্ধে জঘন্য অপরাধ করা হয়েছে, আর এই সমস্ত লোক অপরাধীদের রক্ষা করার জন্য একজোট হচ্ছে। পুলিশ সেই ছোট্ট মেয়েটির বিচার চাইতে যারা জড়ো হয়েছিল, তাদেরই বিরুদ্ধে ব্যবস্থা নিল!"
কেজরিওয়াল সৌরভ ভরদ্বাজকে উদ্দেশ্য করে আরও বলেন, "সৌরভ, তুমি একটি অসহায় পরিবারের জন্য বিচার পেতে লড়াই করছো, জনগণ তোমার সাথে আছে।" একই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি সতর্ক করেন, "বিজেপির পাপের ঘড়া ভরে গেছে। এবার তারা তাদের দুষ্কর্মের ফল ভোগ করবে।"












Click it and Unblock the Notifications