Delhi Robbery: বন্দুক দেখিয়ে হাড় হিম করা ডাকাতি! কেজরির নিশানায় লেফটেন্যান্ট গভর্নর ও মোদী সরকার
Delhi Robbery: রাজধানী দিল্লিতে হাড় হিম করা ডাকাতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিসিটিভি ফুটেজ। বাইকে করে এসে প্রগতি ময়দান টানেলে অপারেশন চালিয়ে পালিয়েও গেল চার দুষ্কৃতী।
নিরাপত্তার এমন বেহাল দশা নিয়ে সরব নেটাগরিকরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিশানায় লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা। কটাক্ষ মোদী সরকারকেও।

ডাকাতির এই ঘটনাটি ঘটেছে শনিবার। প্রগতি ময়দান টানেলের ব্যস্ত রাস্তায় কয়েক সেকেন্ডের মধ্যে। ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে, দুটি বাইকে করে এসে একটি গাড়ি থামাল দুষ্কৃতীরা। তাদের দুজন গাড়ির দিকে এগিয়ে যায়। একজন বন্দুক ধরে। অপরজন গাড়ির পিছনের সিটে থাকা আরোহীদের একটি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, একজন ডেলিভারি এজেন্ট গাড়িটিতে সহকর্মীর সঙ্গে যাচ্ছিলেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁদের গাড়িটিকে বেশ কিছুক্ষণ ধাওয়া করে পথ আটকায়। বন্দুক দেখিয়ে যে ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে যায় তার মধ্যে দেড় থেকে ২ লক্ষ টাকা ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। একটি ক্যাবে করে ওই ডেলিভারি এজেন্ট ও তাঁর সহকর্মী গুরগাঁও যাচ্ছিলেন। টাকা ভর্তি ব্যাগটি সেখানে পৌঁছে দিতেই তাঁরা যাচ্ছিলেন। চাঁদনি চকের একটি সংস্থায় ডেলিভারি এজেন্টের কাজ করেন প্যাটেল সজন কুমার। তিনিই অভিযোগ জানিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সহকর্মী জিগর প্যাটেল।

দিল্লির ডিসিপি প্রণব তয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডাকাতির ঘটনা সংক্রান্ত লিখিত অভিযোগ জমা পড়েছে তিলক মার্গ থানায়। লালকেল্লা থেকে তাঁরা ক্যাবটিতে চড়েছিলেন। প্রগতি ময়দান টানেলে তাদের গাড়ি থামিয়ে দুষ্কৃতীরা ওই কাণ্ড ঘটায়। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

অভিযোগকারীদের পাশাপাশি তাঁদের সংস্থার কর্তা ও অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। টাকা ভর্তি ব্যাগটি পৌঁছে দেওয়া তাঁদের কাজের মধ্যে পড়ে কিনা সেটাও জানার চেষ্টা চলছে। বিষয়টিতে অন্য মাত্রা যোগ হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী সরব হওয়ায়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ করা উচিত। যাতে অন্য কেউ এলজি হয়ে দিল্লির মানুষজনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন। কেন্দ্রীয় সরকার যদি দিল্লিকে নিরাপদ না রাখতে পারে, তাহলে আমাদের দায়িত্ব দেওয়া উচিত। কীভাবে শহরের নাগরিককে নিরাপদে রাখা যায় তা আমরা দেখিয়ে দিতে প্রস্তুত।
দিল্লির এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষও প্রতিবাদে গর্জে উঠেছেন।












Click it and Unblock the Notifications