Kejriwal Arrested: কেজরির গ্রেফতারিতে শোরগোল! আবগারি দুর্নীতির জাল কীভাবে গোটাচ্ছেন তদন্তকারীরা?
Kejriwal Arrested: আবগারি দুর্নীতি মামলায় ৯ বার ইডির সমন এড়িয়ে আজ গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাও আবার লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগুর পর।
হেমন্ত সোরেনকে যেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছিল সেদিন আগে হেমন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কেজরি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবেই গ্রেফতার হলেন।

সমন এড়ানোর পর গ্রেফতারি এড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। যদিও দিল্লি হাইকোর্ট তাঁকে আজ কোনও রক্ষাকবচ দেয়নি। রক্ষাকবচ পেতে সুপ্রিম কোর্টে যাতে জরুরি শুনানি হয় সেই চেষ্টাও করেন কেজরি। কিন্তু সেই প্রয়াসও সফল হয়নি।
২০২১ সালের নভেম্বরে বিতর্কিত আবগারি নীতি লাগু করেছিল দিল্লির আপ সরকার। ২০২২ সালের ৮ জুলাই দিল্লির মুখ্য সচিবের রিপোর্টে স্পষ্ট হয়, এই নীতিতে বেশ কিছু গরমিল রয়েছে। দুর্নীতির গন্ধ থাকার অভিযোগে সরব হয় বিজেপি। ২২ জুলাই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নিয়ম ভাঙার দায়ে এই বিষয়টিতে সিবিআই তদন্তের সুপারিশ করেন।
২০২২ সালের ১৯ অগাস্ট সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আরও তিনজনের বাসভবনে অভিযান চালায়। ২২ অগাস্ট লিকার পলিসির মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০২২-এর সেপ্টেম্বর আম আদমি পার্টির কমিউনিকেশন হেড বিজয় নায়ারকে গ্রেফতার করা হয়।
২০২৩ সালের মার্চে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে, তখন তিনি দিল্লির উপমুখ্যমন্ত্রী। এরপর অক্টোবরে আপ নেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করে ইডি। সেই মাসেই ইডি কেজরিওয়ালকে প্রথম সমন পাঠায়। কিন্তু তিনি একের পর এক সমন এড়াতে থাকেন। আজ ডাকা হয়েছিল। নবম সমন এড়ান কেজরি।
গত ১৬ মার্চ ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে ইডি গ্রেফতার করে। আজ কেজরির শেষ ভরসা ছিল হাইকোর্টের রক্ষাকবচ। তা না মেলার পর কেজরির বাসভবনে পৌঁছে যান ইডির অফিসাররা। ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার। কেজরির বাসভবনে তল্লাশিও চালানো হয়।












Click it and Unblock the Notifications