Delhi Polls: দিল্লির ভোটে জোর ধাক্কা আপের! দলত্যাগী ৮ বিধায়ক-সহ কাউন্সিলরদের বিজেপিতে যোগ
Delhi Assembly Election 2025: দিল্লিতে বিধানসভা ভোটের চারদিন আগে জোর ধাক্কা খেল শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। শুক্রবারই দল ছেড়েছিলেন আট বিধায়ক (MLA)। দল ছেড়েছিলেন বেশ কয়েকজন কাউন্সিলরও (Councilor)। শনিবার তাঁরা সকলেই যোগ দিলেন বিজেপিতে। ৫ ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে ব্যাকফুটে অরবিন্দ কেজরিওয়ালের আপ।
দলবদলু আট বিধায়কদের মধ্যে রয়েছেন পালামের ২ বারের বিধায়ক ভাবনা গউর, কস্তূর্বা নগর আসনের তিনবারের বিধায়ক মদন লাল, তিনবারের বিধায়ক গিরিশ সোনি, ২ বারের বিধায়ক রাজেশ ঋষি-সহ নরেশ যাদব, পবন শর্মা, বিএস জুন, রোহিত মেহরৌলিয়া ও বিজেন্দ্র গর্গ। এছাড়াও প্রাক্তন বিধায়ক তথা বর্তমান আপ কাউন্সিলর অজয় রাই-ও এদিন বিজেপিতে যোগদান করেন।

শুক্রবারই আম আদমি পার্টি থেকে ইস্তফা দিয়ে বিধায়করা জানান, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। সেকারণেই কেজরিওয়ালে আর তাদের আস্থা নেই। উপরন্তু, জানা গিয়েছে এবারের দিল্লির ভোটে ওই বিধায়কদের কাউকেই টিকিট দেয়নি আম আদমি পার্টি। আর তাতেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তারা।
শনিবার দিল্লি বিজেপির ইনচার্জ তথা দলের সর্বভারতীয় সহ সভাপতি বৈজয়ন্ত পান্ডা এবং রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেভার উপস্থিতিকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন বিধায়করা। দলে তাঁদের স্বাগত জানিয়ে এদিন আপকে নিশানা করে বৈজয়ন্ত বলেন, "'আপদ' থেকে মুক্তি পেয়েছেন তারা। তাই এই দিনটি ঐতিহাসিক। ৫ তারিখের ভোটের পর 'আপদ'-এর হাত থেকে মুক্তি পাবে দিল্লিবাসীও।"
শুক্রবার আপের সর্বভারতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে লেখা চিঠিতে পালাম আসনের বিধায়ক ভাবনা গউর জানান, কেজরিওয়াল ও দলের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তিনি। একই সুরে সুর মেলান কস্তূর্বানগরের পদত্যাগী বিধায়ক মদন লাল।
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস।












Click it and Unblock the Notifications