Delhi Assembly Election 2025: পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা করে ভাতা, দিল্লির ভোটের আগে ‘ব্রহ্মাস্ত্র’ কেজরির
Delhi Assembly Election 2025: মহিলাদের মাসিক ভাতা ও প্রবীণদের বিনামূল্যে চিকিৎসার প্রকল্পের পর এবার কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাজি 'পূজারি গ্রন্থি সম্মান যোজনা' (Pujari Granthi Samman Yojana)। এবার হিন্দু ও শিখ পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করল আপ (AAP) সরকার।
নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ফের মাস্টারস্ট্রোক দিল্লির শাসকদল আম আদমি পার্টির। সোমবার সাংবাদিক বৈঠক করে অরবিন্দ কেজরিওয়াল জানান, নতুন এক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করছি। এই প্রকল্পে হিন্দু পুরোহিত ও শিখদের গুরুদুয়ারের গ্রন্থিদের জন্য ভাতা দেওয়া হবে।

এবার থেকে প্রতি মাসে ১৮ হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে তাদের। দেশের মধ্যে প্রথম এমন পদক্ষেপ নেওয়া হল বলে জানান কেজরিওয়াল। প্রজন্মের পর প্রজন্ম পুরোহিতরা রীতিনীতি বাঁচিয়ে রেখেছেন, কিন্তু তাঁদের ব্রাত্য করে রাখা হয়েছে বলে দাবি কেজরির।
প্রকল্প ঘোষণা করেই থেমে নেই আপ। কাল থেকে জোরকদমে শুরু হবে রেজিস্ট্রেশনও। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মঙ্গলবার থেকেই ওই প্রকল্পে নাম নথিভুক্ত করা শুরু হবে বলে জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দিল্লির কনট প্লেসে হনুমান মন্দিরে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সূচনায় নিজে সেখানে হাজির হবেন মঙ্গলবার।
এর আগে মহিলা সম্মান যোজনার আওতায় ১৮ ঊর্ধ্ব মহিলাদের মাসে এক হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিল আম আদমি পার্টি। আসন্ন বিধানসভা ভোটে জিতে সরকারে ফের এলে সেই অঙ্ক বাড়ানোর কথাও বলা হয়। ২০২৫ সালে মসনদে আপ বসলে মহিলাদের মাসে ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয় আপের তরফে।
অন্যদিকে দিল্লির ভোটে আম আদমি পার্টির আরেকটি বাজি সঞ্জীবনী প্রকল্প। এই প্রকল্পে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের কথা বলা হয়। তাদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানায় আপ। দিল্লির মসনদ দখলে রাজ্যবাসীর জন্যে একাধিক অনুদানকেই হাতিয়ার করেছে কেজরিওয়ালের দল। আর এবার পুরোহিতদের মাসে মাসে ১৮ হাজার টাকা দেওয়ার ঘোষণা করে দিয়ে বড় খেলাটি খেলে দিলেন কেজরিওয়াল।
প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই দিল্লিতে মোট ৭০টি আসনে বিধানসভা নির্বাচন রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। ভোটে জিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সরকার গঠন করেছিল আম আদমি পার্টি। সপ্তম বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। মোট ৭০টি আসনের সিংহভাগেই আপের আধিপত্য রয়েছে। এদিকে দিল্লি দখলে আনতে মরিয়া হয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়েছে কংগ্রেস, বিজেপিও।












Click it and Unblock the Notifications