Delhi Assembly Election 2025: দিল্লির নির্বাচনে তরুণ ভোটারদের কাছে ফ্যাক্টর কোন কোন বিষয়? যা বলছে সমীক্ষা
Delhi Assembly Election 2025: রাত পোহালেই বুধবার দিল্লিতে ভোটগ্রহণ। ১৩ হাজার ৭৬৬টি বুথে ভোটের লাইনে দাঁড়াবেন ১ কোটি ৫৬ লক্ষ ভোটার। এবারের ভোটে জেনারেশন জেড বা সংক্ষেপে 'জেন জেড'-দের সংখ্যাও উল্লেখযোগ্য। তরুণ প্রজন্মের কাছে ভোটের ফ্যাক্টর কী কী? কোন কোন বিষয় মাথায় রেখে তারা পরবর্তী সরকার বাছবেন? দেখে নেওয়া যাক।
দিল্লির ১৮ থেকে ২৬ বছর বয়সের তরুণ প্রজন্মের ৭১ শতাংশ এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। বাকি ১৬ শতাংশের ভোটার আইডি কার্ডই নেই। ৭.৭ শতাংশ তরুণ তরুণী ভোটদানে অংশগ্রহণে ইচ্ছুকই নন। প্রযুক্তির সঙ্গে সর্বদা আষ্টেপৃষ্ঠে থাকা এই তরুণ প্রজন্ম দিল্লির ভোটে অন্যতম ফ্যাক্টর। এবারের ভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণও করছেন তারা।

সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, জেনারেশন জেডের বাকি ৫.১ শতাংশ ভোটার মনে করেন তাদের ভোটে কোনও প্রভাবই পড়বে না। ওই সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, দিল্লির ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি তরুণ প্রজন্মদের কাছে অন্যতম বিবেচ্য বিষয়। অর্থাৎ, তরুণ প্রজন্মের ৬৬ শতাংশ ভোটার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির উপর নির্ভর করে ভোট দেবেন।
আবার তরুণ প্রজন্মের ৬২ শতাংশ ভোটার সংশ্লিষ্ট প্রার্থীর চরিত্রের উপর নির্ভর করে ভোট দেন। প্রার্থীর বিশ্বাসযোগ্যতা ও তাদের জনপ্রিয়তা দেখে ভোট দেবেন তাঁরা। তরুণদের মাত্র ১৯ শতাংশ ভোটার নিজেদের সামাজিক পরিধি বিচার করে ভোট দেন। সোশ্যাল মিডিয়া ও ব্লগের দৌলতে তরুণ প্রজন্মের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে তাদের ভোট চারপাশে যে ঘটনা ঘটছে তার উপর নির্ভর করেই হবে।
তরুণ প্রজন্মের ভোটারদের ৮৮ শতাংশই তাদের বিধায়কের নাম জানেন। ৭৪ শতাংশ ভোটার মনে করেন সরকার প্রদত্ত ভাতা অনুদান ভোটে ব্যাপক প্রভাব ফেলবে। তরুণদের ৫৩ শতাংশ ভোটারই আবার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। ৩৫ শতাংশ ভোটার আবার খবরের জন্য সোশ্যাল মিডিয়াকেই একমাত্র সোর্স হিসেবে বেছে নিয়েছেন। ২৬ শতাংশ ভোটার খবরের জন্য ব্লগের উপর নির্ভর করেন।
সমীক্ষায় জানা গিয়েছে, দিল্লির ভোটে জেনারেশন জেডের ৮৫ শতাংশ ভোটার নারী নিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করছেন। আবার ভোটারদের ৬০ শতাংশ বেকারত্বকেও প্রাধান্য দিচ্ছেন। তরুণ প্রজন্মের ভোটাদের মধ্যে ৫৬ শতাংশের মতে দিল্লির দূষণ এবারের ভোটে প্রধান ফ্যাক্টর। অর্থাৎ রাজধানী শহরে এবারের ভোটে তরুণ প্রজন্মরা সরকারের থেকে সবচেয়ে বেশি যা চান, তা হল নারী নিরাপত্তা।












Click it and Unblock the Notifications