Delhi Election Result: কেজরিকে হারিয়ে বাজিমাত, দিল্লির মুখ্যমন্ত্রীর দৌড়ে কেন এগিয়ে প্রবেশ ভার্মা?
Delhi Assembly Election Result: দিল্লির বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসন থেকে খোদ আপের পোস্টার বয় অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মা (Parvesh Verma)। ৩ হাজার ভোটে কেজরিকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। জায়ান্ট কিলার প্রবেশের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। লোকসভার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে প্রবেশকে কেন প্রথম পছন্দ বিজেপির?
নির্বাচন ঘোষণার প্রথম দিন থেকেই দিল্লিতে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে রাখঢাক করে এসেছে বিজেপি (BJP)। যার ফলে গেরুয়া শিবিরের কম সমালোচনা করেনি আম আদমি পার্টিও (Aam Aadmi Party)। 'বরবিহীন বরযাত্রী' বলে বিজেপিকে খোঁচা দেয় আপ।

তবে ওয়াকিবহাল মহলের মত, বিজেপির সুকৌশল দিল্লির ভোটে কাজে দিয়েছে। নয়াদিল্লি থেকে জেতার পর এবার মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে প্রবেশ ভার্মাকেই অগ্রভাগে রেখেছে বিজেপি। দিল্লির ভোটে জিততে বিজেপির প্রধান হাতিয়ার ছিল আপ বিরোধী প্রচার।
আরও স্পষ্ট করে বললে, কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দুর্নীতি বাণে বিদ্ধ করেই ভোটের ফসল ঘুরে তুলতে চেয়েছিল বিজেপি। ভোটবাক্সে তারই প্রতিফলন দেখা গিয়েছে। জয়ের পথে বড় কাঁটা অরবিন্দ কেজরিওয়ালকেই পরাজিত করে দিয়েছেন প্রবেশ ভার্মা। দলের কাছে নিজেকে প্রমাণ করার উপহার স্বরূপ মুখ্যমন্ত্রীর পদ তিনিই পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
দিল্লির ভোটে বিজেপির বিরুদ্ধে বারবার জাঠদের অবজ্ঞা করার অভিযোগ করেছে আপ। নয়াদিল্লি জাঠ অধ্যুষিত আসন না হলেও সেখানে জাঠ সম্প্রদায়েরই প্রবেশ ভার্মাকে প্রার্থী করে বিজেপি। তবে দিল্লির অন্তত ১০টি আসন রয়েছে জাঠ অধ্যুষিত। জাঠদের থেকে সিংহভাগ ভোটও গিয়েছে বিজেপির ঝুলিতে। আর তাই প্রবেশকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিতে বিজেপি এতটুকু কার্পণ্য় করবে না বলেই ধরা হচ্ছে।
হিন্দুত্ব নিয়ে বরাবরই সরব হয়েছেন প্রবেশ। শুধু সরব হয়েছেন বললে ভুল বলা হবে, বলা ভালো মুসলিম তোষণের বিরুদ্ধে সুর চড়িয়ে হিন্দুত্বে বারবার শান দিয়ে এসেছেন প্রবেশ। দিল্লিতে বাংলাদেশি মুসলিমদের তোষণ নিয়েও এর আগে তিনি সুর চড়িয়েছিলেন। বিজেপির কাছে হিন্দুবাদী অন্যতম মুখ প্রবেশ ভার্মা।
বিগত লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়নি প্রবেশ ভার্মাকে। তবে তার জন্যে এতটুকু বেসুরো হননি তিনি। বরং দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দিল্লির ভোটে মনোনিবেশ করেছিলেন প্রবেশ। তারই ফল মিলল হাতেনাতে। কেজরিওয়ালকে হারিয়ে জয়ী হলেন তিনি। নয়াদিল্লিবাসীর আস্থা অর্জনে সফল প্রবেশ ভার্মা।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে প্রবেশ ভার্মা। তার সুফলও প্রবেশকে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তার কারণ, বাবার শাসনকালে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন প্রবেশও। আর তাই দিল্লির মুখ্যমন্ত্রী তিনিই হবেন বলে গুঞ্জন দিল্লির রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications