Delhi Election Result: “কেজরি-মুক্ত দিল্লি,” পুরোনো সঙ্গীকে ‘স্বার্থপর’ খোঁচা প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাসের
Delhi Assembly Election Result: এক সময় আম আদমি পার্টির (Aam Aadmi Party) জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন তিনি। সেই কুমার বিশ্বাসই (Kumar Vishwas) এদিন আপ হারতেই সুর চড়ালেন সংবাদমাধ্যমে। অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) প্রবল আক্রমণ শানিয়ে কুমার বিশ্বাসের দাবি, এতদিন পর অবশেষে বিচার পেল দিল্লিবাসী।
দিল্লির ভোটে মুখ থুবড়ে পড়েছে আম আদমি পার্টি। ২ বারের শাসকদল এবারে বিজেপির কাছে ধরাশায়ী। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দিল্লিতে ক্ষমতায় এসেছিল আপ, সেই আবগারি দুর্নীতির দায়েই জেল খাটতে হল অরবিন্দ কেজরিওয়ালকে।

ম্যাজিক ফিগার পার করে দিল্লিতে সরকার গড়ার পথে বিজেপি (BJP)। এদিন পদ্ম শিবিরকে শুভেচ্ছা জানিয়ে পুরোনো সঙ্গী কেজরিওয়ালকে কটাক্ষ করতে ছাড়লেন না বিশিষ্ট কবি কুমার বিশ্বাস। নিজের স্বার্থ চরিতার্থ করতে কেজরিওয়াল আপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে বিস্ফোরক মন্তব্য একদা কেজরি-ঘনিষ্ঠ কুমার বিশ্বাসের।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কুমার বিশ্বাস বলেন, "জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। দিল্লিবাসীর জন্যে তারা কাজ করবেন এই আশা রাখি। তবে আপের কর্মী সমর্থকদের স্বপ্ন যিনি ভেঙে চূরমার করে দিয়েছেন, তার প্রতি আমার কোনও সমবেদনা নেই। দিল্লি ওঁর থেকে মুক্তি পেয়েছে।" কেজরিওয়ালকে নিশানা করে তীব্র কটাক্ষ প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাসের।
নয়দিল্লি আসনে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কুমার বিশ্বাসের দাবি, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে আপ কর্মীদের স্বপ্ন নিয়ে ছেলেখেলা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর একদা আস্থাভাজন কুমার বিশ্বাস বলেন, "আজ অবশেষে বিচার দেওয়া হল।" কেজরিওয়ালকে নিশানা করতে ছাড়েনি বিজেপিও। দলনেত্রী শাজিয়া ইলমি বলেন, অবশেষে কেজরিওয়ালের মুখোশ খুলে যাওয়াতে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
সেই ১৯৯৮ সাল থেকেই রাজধানী দিল্লির দখল পায়নি বিজেপি। ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত কংগ্রেসের শাসন ছিল সেখানে। গত ১০ বছর ধরে আপের শাসন চলেছে দিল্লিতে। গত ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হয়েছে। শনিবার ফল প্রকাশ হতেই দেখা গেল দিল্লিতে পট পরিবর্তন হয়েছে। আপকে কুপোকাত করে দিল্লি দখল করেছে বিজেপি। দুই দলের লড়াইয়ের মাঝে খাতাই খুলতে পারেনি কংগ্রেস।












Click it and Unblock the Notifications