Delhi Election Result: বিজেপির ভোট ভাণ্ডারে ‘সহায়’ ঝুপড়িবাসী থেকে মধ্যবিত্ত, দিল্লিতে কীভাবে ঘুরল খেলা?
Delhi Assembly Election Result: দীর্ঘ ২৭ বছর পর দিল্লির রং গেরুয়া। পদ্ম ঝড়ে কুপোকাত ঝাড়ু। কেজরিওয়ালের (Arvind Kejriwal) আপকে (AAP) পর্যুদস্ত করে দিল্লিতে মসনদ গড়ছে বিজেপি (BJP)। হেরে গিয়েছেন খোদ আপের পোস্টার বয় অরবিন্দ কেজরিওয়াল।
গত নির্বাচনে আপের থেকে ১৫ শতাংশ ভোটের ব্যবধান ছিল বিজেপির। এবারে তা পুষিয়ে কার্যত অসাধ্য সাধন বিজেপির। নেপথ্যে কোন কোন ফ্যাক্টর? গত দুবারের নির্বাচনেই আপের ট্রাম্প কার্ড ছিল দিল্লির ঝুপড়িবাসীর (Jhuggis) ভোট।

বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল দিয়ে ঝুপড়িবাসীর ভোট পকেটে ভরেছিল আম আদমি পার্টি। কিন্তু এবারের ভোটে তাতেই নাক গলায় বিজেপি। ঝুপড়িবাসীর দুর্দশা তুলে ধরে আপ সরকারের ব্যর্থতার অভিযোগ করে গেরুয়া শিবির। সেখানে আপ বিরোধী লাগাতার প্রচার ভোটবাক্সে সুফল এনে দিয়েছে বিজেপিকে।
বিনামূল্যে বিদ্যুৎ ও জল দেওয়ার কথা বলেও ঝুপড়িবাসীদের পাকা বাড়ির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ঝুপড়িতে বসবাসকারী মানুষের অধিকাংশই দলিত সম্প্রদায়ের। ২০ শতাংশ দলিত ভোটে ভাগ বসিয়েছে বিজেপি। আর তাতেই বড় ধাক্কা খেয়েছে আপ। লোকসভা ভোট, হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পর এবার দিল্লিতেও দলিতদের মন জয় বিজেপির।
দিল্লিতে অন্ততপক্ষে ১৩ শতাংশ মুসলিম ভোট (Muslim Vote) রয়েছে। ৯টি বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেগুলি মুসলিম অধ্যুষিত। দিল্লিতে মুসলিম ভোটের গোটাটাই এতদিন যেত আপের ঝুলিতে। কিন্তু এবারের ফলাফল বলছে অন্য কথা।
দিল্লির মুস্তফাবাদ ও কারাওয়াল নগরে বিজেপির পক্ষে মানুষ রায় দিয়েছে। ২০২০ সালে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ওই সমস্ত এলাকাতেই। বিজেপি প্রার্থী মোহন সিং বিস্ত ও কপিল মিশ্র জয়ী হয়েছেন ওই দুই কেন্দ্রে।
দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণির ভোট রয়েছে ৪০ শতাংশ। বরাবরই বিজেপি ও আপের মধ্যে ভাগাভাগি হয়ে এসেছে এই ভোট। তবে এবারের ভোটে বিজেপির পক্ষেই গিয়েছে রায়। শহরে রাস্তাঘাট নিকাশির বেহাল দশা, দূষণ, যমুনার জরাজীর্ণ দশা, নিম্নমানের পানীয় জল, আবর্জনা সাফাই না হওয়া থেকে বিস্তর অভিযোগ ছিল আপ সরকারের বিরুদ্ধে। সেই সমস্ত ইস্যু তুলে ধরেই প্রচার পর্বে হাতিয়ার করেছে বিজেপি।
শুধু তাই নয়, মধ্যবিত্তের ভোটের কথা বলতে গেলে অবশ্যই আসে বাজেটে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের কথা। বাজেটে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এছাড়াও অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। দিল্লিতে মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের সংখ্যাও নেহাতই কম নয়। আর তাই, এবারের নির্বাচনে বিজেপির পক্ষেই গিয়েছে তাদের ভোট।
ক্ষমতায় এলে দিল্লিবাসীর জন্য ভাতা অনুদান বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। স্রেফ তাই নয়, বরং ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতা ২১০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। আর তাতেই ঝুপড়িবাসীর মহিলাদের সিংহভাগ ভোট গিয়েছে বিজেপির তরফে। দিল্লির ৪১টি আসনে পুরুষ ভোটারদের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছিল মহিলা ভোটারদের সংখ্যা। বিজেপিকে দু-হাত উজাড় করে ভোট দিয়েছেন তারা।












Click it and Unblock the Notifications