Delhi Polls: "কেজরিওয়ালের শিসমহল জনতার জন্য খুলে দেওয়া হবে," দিল্লিতে শেষ দফার প্রচারে আক্রমণাত্মক শাহ
Delhi Assembly Election 2025: সোমবার শেষ দফার প্রচার দিল্লিতে। লাস্ট ল্যাপে প্রচারে ঝড় তুলছে শাসকদল আপ-সহ বিরোধী বিজেপি ও কংগ্রেস। জঙ্গপুরার সভা থেকে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কেজরিওয়ালের সরকারি বাসভবন 'শিসমহল' আমজনতার দর্শনের জন্য খুলে দেওয়া হবে বলে মন্তব্য শাহের।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনকে বরাবরই 'শিসমহল' (Sheesh Mahal) বলে খোঁচা দেয় বিজেপি (BJP)। বাসভবনের পেছনে ৫১ হাজার কোটি টাকা কেজরিওয়াল খরচ করেছেন বলে অভিযোগ বিজেপির। দিল্লির আমজনতার টাকা দিয়ে বাসভবনে বিলাসবহুল সব আসবাবপত্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। আর এবার সেই ইস্যুতেই কেজরিওয়ালকে একহাত নিলেন অমিত শাহ।

এদিন শাহ বলেন, "২০১৩ সালে কেজরিওয়াল বলেছিলেন তিনি নাকি গাড়ি, বাড়ি, নিরাপত্তা কিছুই নেবেন না। কিন্তু উনি তো গাড়ি নিয়েছেন, বাংলোও নিয়েছেন। কিন্তু একটা বাড়ি নিয়ে সন্তুষ্ট নন উনি। আর তাই ৫১ হাজার কোটি টাকা খরত করে শিসমহল নির্মাণ করেছেন। এগুলো কার টাকা? এই টাকা দিল্লিবাসীর। কথা দিচ্ছি, দর্শকদের দেখার জন্যে এই শিসমহল খুলে দেওয়া হবে।"
আপ নেতা মণীশ সিসোদিয়াকেও (Manish Sisodia) কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাটপরগঞ্জের বাসিন্দাদের সিসোদিয়া ঠকিয়েছেন বলে কটাক্ষ শাহের। তিনি বলেন, "উপমুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লির স্কুল, মন্দির, এমনকী গুরুদ্বারের সামনেও মদের দোকান খুলেছেন মণীশ সিসোদিয়া। সারা দেশে একজনই এমন শিক্ষামন্ত্রী রয়েছেন, যিনি কিনা আবগারি দুর্নীতির দায়ে জেল খেটেছেন।" কেজরিওয়ালকে 'বড়ে মিঞা' ও মণীশ সিসোদিয়াকে 'ছোটে মিঞা' বলেও কটাক্ষ করেন শাহ।
প্রসঙ্গত, বুধবার ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সোমবার বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে সমস্ত হাইভোল্টেজ প্রচার। ১৩ হাজার ৭৬৬টি বুথে ভোট দেবেন ১.৫৬ কোটি ভোটার। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। কার ভাগ্যের শিঁকে ছেঁড়ে, তা জানা যাবে ৮ ফেব্রুয়ারি ফলাফলের দিন।












Click it and Unblock the Notifications