Delhi Polls: ভোটের দিল্লিতে গাড়ি থেকে মিলল ৮ লক্ষ টাকা, মদের বোতল-সহ আপের লিফলেট! বেজায় অস্বস্তিতে শাসকদল
Delhi Assembly Election 2025: বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক শোরগোল দিল্লিতে। পঞ্জাবের একটি গাড়ি থেকে উদ্ধার হল ৮ লক্ষ টাকা, প্রচুর মদের বোতল ও আম আদমি পার্টির (Aam Aadmi Party) প্রচার পত্র। বুধবার দিল্লির পঞ্জাব ভবনের কাছের ঘটনা। গাড়িটিতে পঞ্জাবের নম্বরপ্লেট রয়েছে। আর আপের প্যামফ্লেট (AAP Pamphlets) উদ্ধার হতেই বেজায় অস্বস্তিতে দিল্লির শাসকদল।
গাড়িটিতে পঞ্জাবের নম্বরপ্লেট (Punjab) থাকলেও তা প্রশাসনের কারও নয় বলে জানিয়েছে পঞ্জাবের আপ সরকার। নম্বরপ্লেট-সহ গাড়িতে লাগানো অফিসিয়াল স্টিকার ভুয়ো বলে দাবি ভগবন্ত মানের (Bhagwant Mann) সরকারের। ঘটনার পরই তিলক মার্গ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

সূত্রের খবর, গাড়িটি থেকে উদ্ধার হওয়া ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও উদ্ধার হওয়া মদের বোতলে থাকা স্টিকার থেকে জানা গিয়েছে সেগুলি পঞ্জাবের। ওই রাজ্য থেকে সেগুলি দিল্লিতে গাড়ি করে আনা হয়েছিল বলে অনুমান পুলিশের। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে কোথায় কী উদ্দেশ্যে এত টাকা ও মদ নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে সন্দিহান পুলিশ।
নয়াদিল্লির ডিসিপি জানান, গাড়িটিতে পঞ্জাব সরকারের স্টিকার লাগানো ছিল। যদিও গাড়িটি তাদের নয় বলে দাবি করেছে পঞ্জাবের আপ সরকার। কিন্তু গাড়ির ভেতর থেকে আপের প্রচার পত্র মেলাতেই জল আরও ঘোলা হয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরেও গরমিল রয়েছে বলে জানিয়েছে পঞ্জাবের তথ্য ও জনসংযোগ বিভাগের ডিরেক্টরেট।
তাঁর আরও দাবি, গাড়িটির নম্বর প্লেটটি ভুয়ো। পুরোনো সমস্ত তথ্য ঘেঁটে দেখা গিয়েছে এই নম্বরে পঞ্জাব সরকারের কোনও গাড়িই নেই। এদিকে দিল্লিতে বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগে রাজধানীর বুকে এহেন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। রীতিমতো অস্বস্তিতে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি। ৫ ফেব্রুয়ারি রয়েছে নির্বাচন। ৮ ফেব্রুয়ারি ভোট গণনা। দিল্লি দখলে ত্রিমুখী লড়াইয়ে আপ, কংগ্রেস ও বিজেপি (AAP Congress BJP)।












Click it and Unblock the Notifications