Delhi Exit Polls P-Marq: বিজেপির দখলে যাচ্ছে দিল্লি, ইঙ্গিত পি-মার্কের বুথ ফেরত সমীক্ষায়; কোথায় আপ-কংগ্রেস?
Delhi Exit Polls P-Marq: বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয় ১৩ হাজার ৭৬৬টি বুথে হয়েছে ভোটগ্রহণ। ভোটারের সংখ্যা ১ কোটি ৫৬ লক্ষ। কার দখলে যাবে দিল্লি? কী বলছে বুথ ফেরত সমীক্ষা (Delhi Exit Polls)?
দিল্লিতে মোট ৭০টি বিধানসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে মোট ৫৭.৭ শতাংশ। সন্ধে ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হল বুধবার। শনিবার ৮ ফেব্রুয়ারি ভোটগণনা। সন্ধে ৬টায় ভোটগ্রহণ শেষের পর দিল্লির ভোট নিয়ে বুথ ফেরত সমীক্ষা শুরু করেছে বিভিন্ন সংস্থা।

পি মার্কের (P Marq) বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লির ভোটে এবারে বিজেপির কাছে ধরাশায়ী হতে পারে কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দিল্লিবাসী এবারের ভোট কেন্দ্রের শাসকদল বিজেপিকেই (BJP) দিয়েছে বলে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত পি মার্কের।
পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় পরিসংখ্যান অনুযায়ী ৭০ আসনের দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি ওরফে আপ পেতে পারে ২১ থেকে ৩১টি আসন। সেখানে বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৯টি আসন।
ইন্ডি জোটের শরিক হলেও আপের সঙ্গে লড়েনি কংগ্রেস (Congress)। দিল্লির ভোটে আপকে প্রতিপক্ষ রেখে একাই লড়েছে হাত শিবির। পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, একা লড়ে কংগ্রেসের কপালে জুটতে পারে ১টি আসন। আবার ঝুলি শূন্যও থাকতে পারে কংগ্রেসের।
দিল্লির ত্রিমুখী লড়াইয়ে আপ বিজেপি ও কংগ্রেস বাদে অন্যান্যদের কোনও জায়গাই থাকবে না বলে ইঙ্গিত পি মার্কের বুথ ফেরত সমীক্ষায়। যদিও ত্রিমুখী লড়াই দ্বিমুখী হওয়ার ইঙ্গিত পি মার্কের সমীক্ষায়। দিল্লির ৭০ আসনের বিধানসভা জিততে ম্যাজিক ফিগার ৩৬টি আসন প্রয়োজন। আপ ও বিজেপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পি মার্কের বুথ ফেরত সমীক্ষায়।
২০২০ সালে ভোটদানের হারে রেকর্ড গড়েছিল দিল্লি। সেবারে ভোটদানের মোট হার ছিল ৬২.৫৯ শতাংশ। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। ২০২০ ও ২০১৫, গত দুবারের বিধানসভা নির্বাচনেই বিপুল মার্জিনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। গত ২ বারের নির্বাচনেই কার্যত ভুল প্রমাণিত হয়েছিল বুথ ফেরত সমীক্ষা।












Click it and Unblock the Notifications