Delhi Assembly Election 2025: যমুনায় ‘বিষ’! হরিয়ানার বিজেপি সরকারকে দায় ঠেলল আপ; পাল্টা হুঁশিয়ারি সাইনির
Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় যমুনা নদী (Yamuna River) নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপাউতোর। বিজেপির (BJP) বিরুদ্ধে যমুনা নদীতে বিষ মেশানোর অভিযোগ তুললেন আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জল সরবরাহে বিষ মিশিয়ে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালনা হচ্ছে বলে দাবি কেজরির। পাল্টা জবাব বিজেপিরও।
সোমবার সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, হরিয়ানার (Haryana) বিজেপি সরকার ইচ্ছাকৃত বিষ মিশিয়েছে যমুনা নদীতে। ঘটনায় দিল্লির জল বোর্ডের ইঞ্জিনিয়াররাও জড়িত বলে দাবি করেন তিনি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি দিল্লিবাসীর স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। সূত্রের খবর, জলে বিষ বিসেবে যা পাওয়া গিয়েছে তা হল অ্যামোনিয়া।

যদিও কেজরিওয়ালের এই দাবি নস্যাৎ করেছেন দিল্লির জল বোর্ডের সিইও। কেজরিওয়াল মিথ্যে কথা বলছেন বলে দাবি জল বোর্ডের সিইওর। এই মিথ্যে রটানো হলে দিল্লিবাসীর মনে অযথা ভয়ের সঞ্চার হবে বলেও সতর্ক করেন তিনি।
দিল্লিতে প্রতিদিন ৩ হাজার মিলিয়ন লিটার জলের প্রয়োজন হয়। সেখানে মাত্র ২ হাজার মিলিয়ন লিটার জল দেওয়া হয়। যমুনায় প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার জেরেই এই ঘাটতি। যদিও এর দায় হরিয়ানার বিজেপি সরকারের উপর চাপিয়েছেন কেজরিওয়াল।
এদিকে কেজরিওয়ালের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সংবাদসংস্থা এএনআইকে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, "কেজরিওয়ালের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে ও বিরক্তিকর। এমন বিবৃতির জন্যে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে কেজরিওয়ালের ক্ষমা চাওয়া উচিত। আর যদি তা না করেন, তাহলে মানহানির মামলা করা হবে।"
এদিন কেজরিওয়ালকে দিল্লির জন্য বিপর্যয় বলে কটাক্ষ করেন সাইনি। আসন্ন ভোটে আপকে মানুষ প্রত্যাখ্যান করবে বলে দাবি হরিয়ানার মুখ্যমন্ত্রীর। হরিয়ানার শ্রমমন্ত্রী অনিল ভিজ বলেন, "মিথ্যের কারখানা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে যমুনার প্রবেশের আগে ও পরের জল পরীক্ষা করে সাংবাদিক ও বিশেষজ্ঞরা খুঁজে বেরুক। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।"
এদিকে হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। হরিয়ানার সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তারা। ২৮ জানুয়ারির মধ্যে হরিয়ানার সরকারের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, দিল্লির ভোটে বরাবরই হট টপিক যমুনার স্বচ্ছতা। ২০২০ এর ভোটের সময় যমুনাকে লন্ডনের টেমসের মতো স্বচ্ছ করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল।












Click it and Unblock the Notifications