Delhi Polls: দিল্লির ভোটে অস্ত্র দান খয়রাতি! বদান্যতার অঙ্কে ঘুঁটি সাজাচ্ছে আপ-বিজেপি-কংগ্রেস
Delhi Assembly Election 2025: দিল্লির বিধানসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন বাকি। ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০টি বিধানসভা আসনে রয়েছে নির্বাচন। আর ভোট বৈতরণী পার করতে প্রায় সবক'টি রাজনৈতিক দলই মেতেছে বদান্যতার রাজনীতিতে। দান খয়রাতিকেই (Freebies) হাতিয়ার করে ভোটে জেতার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে শাসকদল আম আদমি পার্টি-সহ বিরোধী কংগ্রেস, বিজেপিও।
শুক্রবার দুপুর ২টো নাগাদ ইস্তাহার (Poll Manifesto) প্রকাশের কথা রয়েছে বিজেপির (BJP) তরফে। মহিলা ভোট পেতে মাসিক ভাতার অনুদানের অঙ্কে আপকেও টেক্কা দিতে পারে তারা। অন্যদিকে, ১৫ বছরের খরা কাটিয়ে দিল্লিতে ফেরার স্বপ্ন দেখছে কংগ্রেস (Congress)। এখনও পর্যন্ত তারাই একমাত্র ইস্তাহার প্রকাশ করেছে।

তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy) কংগ্রেসের ইস্তাহার প্রকাশের দিন বলেন, দিল্লির নির্বাচনে জিতে ক্ষমতায় এলে পাঁচটি গ্যারান্টি পূরণ করবে তারা। এর আগে মহিলাদের জন্য প্যায়ারি দিদি যোজনার ঘোষণাও করে তারা। যেখানে ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতা হিসেবে ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল হাত শিবির।
শুধু তাই নয়, দিল্লিবাসীর মন পেতে ৪০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, ২৫ লক্ষের স্বাস্থ্যবিমার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস। এছাড়াও ভোটের হাতিয়ার হিসেবে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার ও ঘরে ঘরে ফ্রি রেশন কিট দেওয়ারও কথা ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসের পাঁচটি গ্যারান্টির শেষটি হল, বেকার যুবক যুবতীদের জন্য ৮৫০০ টাকা করে ভাতা প্রদান।
এদিকে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতোই দিল্লির ভোটেও লাডলি বেহেন যোজনা চালুর কথা ভাবছে বিজেপি (BJP Manifesto)। মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তাতে। এমনকি ইস্তাহারে দিল্লির মহিলাদের জন্য বাস যাত্রাও ফ্রি করে দিতে পারে বিজেপি সরকার ক্ষমতায় এলে। দিল্লি ও পঞ্জাবে আপ সরকারের ব্যর্থতা তুলে ধরে বিজেপি শাসিত রাজ্যগুলির সফল প্রকল্পগুলির প্রচারই দিল্লির ভোটে হাতিয়ার করেছে কেন্দ্রের শাসকদল।
পরিশেষে, দিল্লির শাসকদল আম আদমি পার্টির (Aam Aadmi Party) ইস্তাহারে থাকতে পারে ৮ থেকে ১০টি গ্যারান্টি। ইতিমধ্যেই মহিলা সম্মান যোজনা ও সঞ্জীবনী যোজনার ঘোষণা করেছে তারা। ক্ষমতায় ফিরলে ১ হাজার টাকা থেকে মহিলাদের মাসিক ভাতার অঙ্ক ২১০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
প্রবীণ নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এছাড়া মন্দির ও গুরুদুয়ারের পুরোহিতদের ১৮ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ারও ঘোষণা করেছে আপ। দলিত পড়ুয়াদের বৃত্তি প্রদানের প্রতিশ্রুতিও রয়েছে আপের গ্যারান্টির তালিকায়। এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ, তীর্থ যাত্রা ও মহিলাদের জন্য বাস পরিষেবা ফ্রি করা সব নানা গ্যারান্টি পূরণের কথা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
সব মিলিয়ে, দিল্লির ভোটে শাসক থেকে বিরোধী, সকলেরই ভরসা দান খয়রাতির রাজনীতি। ভাতার অঙ্ক বাড়িয়ে ভোটারদের মন ভোলাতে চায় সকলেই। বদান্যতার প্রতিযোগিতায় কোন দল সফল হয়, তা বোঝা যাবে ৮ ফেব্রুয়ারির গণনার দিনই।












Click it and Unblock the Notifications