ডিগ্রি হাতে, পকেটে বিস্ফোরক, ‘হোয়াইট কলার সন্ত্রাসে' সতর্ক করলেন রাজনাথ
শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে,এই কড়া বার্তাই দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশে ক্রমশ বাড়তে থাকা 'হোয়াইট কলার সন্ত্রাসবাদ' এর প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, উচ্চশিক্ষিত হয়েও কেউ কেউ দেশের ও সমাজের বিরুদ্ধে কাজ করছে, যা অত্যন্ত অশনি সংকেত।
শুক্রবার ভূপাল নোবেলস্ বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া গাড়িবোমা বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, ওই ঘটনায় অভিযুক্তরা সবাই চিকিৎসক যা প্রমাণ করে, শুধুমাত্র ডিগ্রি থাকলেই মানুষের চরিত্র বা নৈতিকতা নিশ্চিত হয় না।

রাজনাথ সিং বলেন, "আজ দেশে এমন এক ভয়ানক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে উচ্চশিক্ষিত মানুষই সমাজ ও দেশের বিরুদ্ধে কাজ করছে। দিল্লির বোমা বিস্ফোরণের অভিযুক্তরা ছিলেন ডাক্তার এক হাতে ডিগ্রি, আর অন্য হাতে আরডিএক্স। এই ঘটনা স্পষ্ট করে দেয়, জ্ঞানকে অবশ্যই মূল্যবোধ ও চরিত্রের সঙ্গে যুক্ত করতে হবে।"
উল্লেখ্য, ওই বিস্ফোরণে বিস্ফোরক বোঝাই একটি আই-২০ গাড়ি ব্যবহার করা হয়, যা চালাচ্ছিলেন ডা. উমর উন নবি। ঘটনায় প্রাণ হারান অন্তত ১৫ জন। পরবর্তীতে তদন্তে উঠে আসে একটি 'হোয়াইট কলার' সন্ত্রাসী চক্রের অস্তিত্ব। সেই সূত্র ধরে গ্রেপ্তার হন আরও তিন চিকিৎসক মুজাম্মিল গনাই, আদিল রাদার ও শাহিনা সইদ, সহ একাধিক অভিযুক্ত।
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "শিক্ষার লক্ষ্য শুধু পেশাগত সাফল্য নয়। নৈতিকতা, মানবিকতা ও চরিত্র গঠনের দায়িত্বও শিক্ষাব্যবস্থার। যে শিক্ষা মানুষকে বিনয়, চরিত্রবোধ ও ধর্মবোধ শেখাতে পারে না, তা অসম্পূর্ণ।"
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মানেই অশিক্ষিত মানুষের কাজ এই ধারণা ভুল। অনেক সময় বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীরাই অপরাধে জড়িয়ে পড়ে, কারণ তাদের মধ্যে প্রজ্ঞা ও নৈতিকতার অভাব থাকে। ধর্ম প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, ধর্ম মানে কেবল উপাসনালয়ে যাওয়া নয়, ধর্ম হল দায়িত্ববোধ। নৈতিকতা ও ধর্মবোধহীন শিক্ষা সমাজের কোনও কাজে আসে না, বরং কখনও কখনও তা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।
এদিন দেশের অর্থনৈতিক অগ্রগতির দিকেও আলোকপাত করেন রাজনাথ সিং। তিনি জানান, ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং ২০৩০ সালের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছনোর পথে এগোচ্ছে। এই যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।












Click it and Unblock the Notifications