বাংলা থেকে সরে গভীর নিম্নচাপ এখন পশ্চিম-উত্তর-পশ্চিমে, রাজ্যে রাজ্যে জারি সতর্কতা
সপ্তাহের শুরুতে কেরল কিংবা হিমাচল-উত্তরখণ্ডের মেঘভাঙা বৃষ্টি টাটকা স্মৃতি। দেশের বিভিন্ন রাজ্যে এই সময় ভারী বৃষ্টি হচ্ছে। বাংলার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় জল জমায় এদিন সকালে অনেক স্কুলে ছুটি ঘোষণা করা হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপের রূপ নিয়ে উত্তর ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের ওপরে যাবে আগামী ৪৮ ঘন্টায়। যে কারণে উল্লিখিত রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দিল্লি-এনসিআরেও।

পূর্ব-উত্তর-পূর্ব ভারত
আগামী পাঁচ দিন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত-সহ ভারী বৃ্ষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডে অতিপ্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহারে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ছয় অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
পশ্চিম ও মধ্য ভারত
আগামী পাঁচ দিন পশ্চিম ও মধ্য ভারতেরও বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত-সহ ভারী বৃ্ষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে অতিপ্রবল বৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাত, কোঙ্কন ও গোয়ায়।
পাঁচ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কোঙ্কন-গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাত ও পূর্ব মধ্যপ্রদেশে।
উত্তর-পশ্চিম ভারত
উত্তর-পশ্চিম ভারতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপতর জানিয়েছে জম্মু-কাশ্মীর. হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাত-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশ ও রাজস্থানে বিস্তীর্ণ এলাকায়, পঞ্চাব, হকিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে এদিন উত্তর-পূর্ব উত্তর প্রদেশে এবং রবিবার পূর্ব রাজস্থানে প্রবল বৃষ্টি হতে পারে। সোমবার পশ্চিম রাজস্থানেও বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ ভারত
উপকূল কর্নাট, লাক্ষাদ্বীপ, কেরল, মাহে, কর্নাটকের বিস্তীর্ণ এলাকায়, বিচ্ছিন্নভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও রায়ালসীমায় আগামী পাঁচদিন বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ছাড়াও রবিবার উপকূল কর্ণাটকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications