তেলেঙ্গানা সুড়ঙ্গ ধস কাণ্ডে ১৬ দিন পর এক শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার, খোঁজ চলছে বাকিদের
তেলেঙ্গানার এসএলবিসি টানেলে ধসের ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান আজ ১৬তম দিন শেষ করল। রবিবার উদ্ধারকারী দল সম্পূর্ণ পচন অবস্থায় এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। বাকি ৭ জনের এখনও কোনও খোঁজ মেলেনি।
উদ্ধার হওয়া শ্রমিকের নাম গুরপ্রীত সিং, তিনি পাঞ্জাবের বাসিন্দা। তার দেহ একটি মেশিনে আটকে ছিল এবং প্রথমে শুধু তার হাত দেখা যাচ্ছিল। পরে তাঁর সম্পূর্ণ দেহ উদ্ধার করা হয়।

একজন উদ্ধারকর্মী জানান, "আমরা প্রায় ১০ মিটার পর্যন্ত খনন করেছি। গত রাতে তার হাত দেখা যায়, এবং দেহ বের করতে ১৬ ঘণ্টা সময় লেগেছে"।
ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তাঁকে নগরকুর্নুল জেনারেল হাসপাতালের পিএমই বিভাগে রাখা হয়েছে।
এর আগে, তেলেঙ্গানা সরকার কেরালা পুলিশের বিশেষ প্রশিক্ষিত কুকুর বাহিনী মোতায়েন করে, যারা ১৫ ফুট গভীরতা থেকে গন্ধ শনাক্ত করতে পারে। উদ্ধারকর্মীরা এই কুকুরের ইঙ্গিত অনুযায়ীই খনন কাজ চালিয়েছেন। এছাড়া, ১১ মার্চ থেকে উদ্ধার অভিযানে রোবট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টানেলের অভ্যন্তরে জল ও কাদার উপস্থিতি উদ্ধারকারী দলের জন্য সমস্যা সৃষ্টি করছে। তাই রোবটের মাধ্যমে উদ্ধারকাজ সহজ ও নিরাপদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।
ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (GSI) এক প্রতিবেদনে জানিয়েছে, টানেলের শেষ ৭০ মিটারে উদ্ধারকাজ চালাতে চরম সতর্কতা দরকার। সুড়ঙ্গের ভিতরে টিবিএম (টানেল বোরিং মেশিন)-এর অংশগুলো মাটি, জল ও পাথরের নিচে ডুবে গেছে, যা উদ্ধারকারী দলের জন্য বড় বিপদের কারণ হয়ে উঠেছে।
টানেল ধসের ১৬ দিন পর প্রথম শ্রমিকের মৃতদেহ উদ্ধার হলেও, বাকি শ্রমিকদের এখনও খোঁজ চলছে। তারা যে আর কেউ জীবিত নেই, এমনটা আশঙ্কা করছেন প্রায় প্রত্যেকেই। তবুও উদ্ধারকার্য অব্যাহত রয়েছে। তেলেঙ্গানা সরকার উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞদের সহায়তায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, আরও কতদিন লাগবে বাকি শ্রমিকদের খোঁজ পেতে।












Click it and Unblock the Notifications