অযোধ্যা বিতর্কিত জমি মামলার রায়ে বাবরি মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুন্নি ওয়াকফ বোর্ড সেই জমি নেবে কিনা সেটা আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানাবে তারা। সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর ফারুকি জানিয়েছেন এই নিয়ে সিদ্ধান্ত নিতে ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে মুসসিমদের অন্যান্য স্বার্থ রক্ষা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে খসড়া প্রস্তাবে একাধিক বিষয় উত্থাপন করেছিল সুন্নি ওয়াকফ বোর্ড। তারমধ্যে ছিল মুসলিমদের প্রার্থনা করার জায়গার রক্ষনাবেক্ষন করতে হবে সরকারকে। কিন্তু রায়দানের পরে পুরোটাই অন্যদিকে ঘুরে গিয়েছে। যদিও মুসলিম ল বোর্ড সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বিবেচনার আবেদন জানাবে। শীর্ষ আদালতের এই রায় মানতে নারাজ তারা। যদিও জামাত উলেমা এ হিন্দের পক্ষ থেকে এই মামলা শেষ করার কথা বলা হয়েছে। এই মামলা এখানেই সমাপ্তি চান তাঁরা। অন্যদিকে আসাউদ্দিন ওয়াইসি আবার শীর্ষ আদালতের এই রায়ের ঘোর বিরোধিতা করে বলেছেন তথ্য নয় ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করেই রায় দেওয়া হয়েছে। তিনি ৫ একর জমি না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সইদ আহমেদ বুখারি জানিয়েছেন, এই মামলা নিয়ে আর বেশি টানা হেঁচরা না করাই ভাল।