মধ্যপ্রদেশে বোবা–কালা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার চার কিশোর সহ ৬ জন অভিযুক্ত
মধ্যপ্রদেশে বোবা–কালা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার চার কিশোর সহ ৬ জন অভিযুক্ত
আবারও বর্বর ঘটনার সাক্ষী থাকল এই দেশ। বোবা–কালা এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ৬ জন মিলে গণধর্ষণ করার ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে শাহদোলে। ৬ জন ধর্ষকদের মধ্যে চারজন আবার কিশোর বলে জানা গিয়েছে। এই ৬ জন ধর্ষণের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পরই গোটা ঘটনাটি সামনে আসে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পুলিশ জানিয়েছে যে বোবা ও কালা মেয়েটিকে শনিবার তার বাড়ি থেকে কিছুর প্রলোভন দেখিয়ে এক প্রতিবেশী বের করে আনে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ফাঁকা একটি জায়গায় এবং সেখানে একটি বাড়িতে বাকি পাঁচ অভিযুক্ত অপেক্ষা করছিল। চারজন কিশোর সহ ৬ জন মিলে এক এক করে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়।যদিও সে এই বিষয়ে কাউকে কিছুই জানায় না।
এরপর মেয়েটির বাবা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ওই ছবিগুলি দেখে অভিযুক্তদের ও তাঁর মেয়েকে চিনতে পারেন। যখন মেয়েটির বাবা তাকে এই ঘটনার সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন মেয়েটি ভেঙে পড়ে এবং তার সঙ্গে কি হয়েছে তা জানায়। পুলিশের এসপি অবদেশ গোস্বামী জানিয়েছেন যে বৃহস্পতিবার ধর্ষিতার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এবং সামাজিক বিচার বিভাগ থেকে মেয়েটির বয়ান নেওয়ার জন্য বিশেষজ্ঞ পাঠানো হয়। আক্রান্ত সাঙ্কেতিক ভাষার মাধ্যমে চেষ্টা করছে তার সঙ্গে হওয়া ঘটনার বর্ণনা দিতে। মেয়েটি পুলিশের দেখানো ছবিতে অভিযুক্তদের সনাক্ত করেছে। চারজন কিশোর সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, খবরের কাগজ খুললে বা টিভির পর্দায় চোখ রাখলে প্রতিদিনই ধর্ষণের মতো নির্মম ঘটনা চোখে পড়ে। এমনকী জাতীয় সমীক্ষার রিপোর্টও বলছে রাজস্থানে মেয়েরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যতেও এই কথা বলা হয়েছে। ২০২০ সালে দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে রাজস্থানে, অন্যদিকে এই তালিকায় দু-নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। তবে গত বছরের তুলনায় ধর্ষণ ছাড়া মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধ রাজস্থানে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা যাচ্ছে। মোট ৩৪ হাজার ৫৩৫টি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সামগ্রিক নারী নির্যাতনের বিচারে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেথানে মোট ৪৯ হাজার ৩৮৫টি ঘটনা ঘটেছে বলে খবর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত এক বছরে বাংলায় মোট ৩৬ হাজার ৪৩৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications