Daily News Update: সাংসদ নিশীথ প্রামাণিক, রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপি মনোজ মালব্য, সারাদিনের আরও খবর একনজরে
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

সাংসদ নিশীথ প্রামাণিক বিরুদ্ধে এফআইআর
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তারপরই নতুন এক বিতর্কে জড়ালেন বিজেপির এই সাংসদ। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন দলেরই এক কর্মী। শুধু প্রতারণাই নয় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। চাকরির নামে প্রতারণার অভিযোগ ছাড়াও তাঁর নির্দেশে বোমা রাখার বিস্ফোরক অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ফিরদৌস ইসলাম।

প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রণব মুখোপাধ্যায়কে একজন দূরদর্শী এবং রাষ্ট্রনায়ক হিসেবে ব্যাখ্যা করে তাঁর ভূয়সী প্রশংসা করলেন। প্রাক্তন রাষ্ট্রপতির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার প্রণব মুখোপাধ্যায় স্মারক বক্তৃতায় মোদী বলেন, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় দেশ ও জাতির অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

বাংলার করোনা আপডেট একনজরে
বাংলায় দৈনিক করোনা আক্রান্তের হার কমল মঙ্গলবার। তবে দৈনিক সংক্রমণের সঙ্গে মৃতের সংখ্যা বাড়ল ফের। এদিন টেস্টিং একটু বাড়াতেই সংক্রমণের সংখ্যাও তালমিলিয়ে বেড়েছে। সোমবার বাংলায় করোনা সংক্রমণ কমে ৫১০-য় নেমে গিয়েছিল। কিন্তু টেস্টিং হয়েছিল মাত্র ২৭ হাজার। এদিন টেস্টিং বাড়িয়ে ৩৩ হাজার করা হয়েছে, সংক্রমণ ৫৪৬। বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০ কমে ৮৮০০ হল। কিন্তু বাড়ল মৃতের সংখ্যা।

মুর্শিদাবাদ মেডিক্যালে ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়ে ধাক্কাধাক্কি, কোভিড বিধি শিকেয়। মঙ্গলবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ হাজার করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল৷ প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। একটা সময়ে শুরু হয় ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা ঝামেলা ও হুড়োহুড়ি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
এসএফআই-এর উদ্যোগে বিশ্বভারতীতে মিছিল পড়ুয়াদের। সেই মিছিলে সামিল ঐশী ভট্টাচার্য এবং সৃজন ভট্টাচার্যের মতো ছাত্র নেতারা। এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল অভিনেতা বাদশা মৈত্র এবং দেবদূত ঘোষও। ৩ ছাত্রের বরখাস্তের আদেশ তুলে নিয়ে উপাচার্যকে আলোচনায় বসার দাবিতে বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতীর মূল অফিস পর্যন্ত মিছিল হয়।

রাজ্যে ভারপ্রাপ্ত ডিজিপি মনোজ মালব্য
রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিপির দায়িত্ব দেওয়া হয়েছে মনোজ মালব্যকে। প্রসঙ্গত এদিন অবসর নিচ্ছে ডিজিপি বীরেন্দ্র। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে আইপিএসদের তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হলেও, তার কোনও উত্তর নবান্নে পৌঁছয়নি বলেই জানা গিয়েছে।

ধূপগুড়িতে টিকার লাইনে বিশৃঙ্খলা
ধূপগুড়িতে টিকার লাইনে বিশৃঙ্খলা। ভোর থেকেই লাইন পড়েছিল, কিন্তু পুলিশ ছিল না। এরপর ক্যাম্পে গেট খোলার পরেই একে অন্যের আগে এগিয়ে যেতে চান। সেই সময় একে অপরের ওপরে পড়ে যান। চারজনকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, ভ্যাকসিনের কোনও অভাব নেই। শৃঙ্খলবদ্ধ হয়ে সবাইকে লাইনে দাঁড়ানোর করা বলা হয়েছে প্রশাসনের তরফে।

সৌদি আরবে ড্রোন হামলা
সৌদি আরবের এক বিমানবন্দরে ড্রোন হামলা। যার জেরে আট ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরে থাকা একটি বিমানের ক্ষতি হয়েছে। তবে এই হামলার পিছনে কারা রয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি কিংবা কেউ দাবি করেনি।

জিডিপি বৃদ্ধি করোনার আবহে
২০২১-২২ অর্থবর্ষের ত্রৈমাসিক রিপোর্ট যা বলছে তা যথেষ্ট আশাজনক। ভারতের ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি ২০.১ শতাংশ হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড বলে মনে করা হচ্ছে। করোনা আবহে এই জিডিপি বৃদ্ধি যথেষ্ট আশা দেখাচ্ছে দেশের অর্থনীতিতে এমনই মনে করছেন অর্থনীতিবিদরা।

সংযুক্ত মোর্চা ছাড়ল ফরওয়ার্ড ব্লক
সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে গেল ফরওয়ার্ড ব্লক। মোর্চার নামে কোনও কর্মসূচি হলে সেখানে ফরওয়ার্ড ব্লক যোগ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ভবানীপুর আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হলে, সেখানে আলাদা করে প্রার্থী দেবে বলে ইঙ্গিত দিয়েছে তারা। ফ্রন্টের কোনও শরিক যদি মোর্চার নামে প্রার্থী দেয় তাহলে ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দেবে। দলের এই সিদ্ধান্ত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে জানানো হবে বলে জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ আলম সইরানি।

প্রথম ত্রৈমাসিকের জিডিপি তথ্য
এদিন দেশের প্রথম ত্রৈমাসিকের জিডিপি ডেটা প্রকাশ করা হবে। বিশেষজ্ঞরা আশা করছেন, রিপোর্ট ভালই হবে। করোনার দুটি তরঙ্গের ধাক্কাতেও দেশের অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দুর্গাপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরা ২.৪৫-এ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেবেন তিনি। পৌঁছবেন শহিদ ভগত সিং স্টেডিয়ামে। রাতে থাকবেন দুর্গাপুর সার্কিট হাউসে। বুধবার দুপুর ১.৩০ নাগাদ পানাগড় ইন্টাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করবেন তিনি।

বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের
এদিকে যে পরিস্থিতিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছে আমেরিকা, তার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন খারাপ যুদ্ধের সমাপ্তি ইতিহাস দেখেনি। পাশাপাশি আফগানিস্তানে থাকা যুদ্ধের সরঞ্জাব ফেরানোর দাবিও তিনি তুলেছেন।

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধিদল
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জলশক্তি মন্ত্রকের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধিদল। দুটি বৈঠক হওয়ার কথা রয়েছে এদিন। প্রতিনিধি দলে রয়েছেন, রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, মানস ভুঁইঞার মতো নেতারা। এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের সেচমন্ত্রীকে দিল্লিতে গিয়ে বিষয়টি নিয়ে দরবার করতে বলেছিলেন।

১ দিন আগেই আফগানিস্তান ছাড়ল আমেরিকা
নির্দিষ্ট সময়ের একদিন আগেই আমেরিকার (usa) বাহিনী আফগানিস্তান (afghanistan) ছাড়ল। তালিবানদের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩১ অগাস্ট সেনা সরানোর শেষ দিন ছিল। কিন্তু সোমবার রাতে সি-১৭ বিমানে কাবুল ছাড়ে আমেরিকার বাহিনী। এদিকে আমেরিকার বাহিনী কাবুল ছাড়ার পরেই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বাজি ফাটিয়েস শূন্যে গুলি ছুঁড়ে উল্লাসে মেতে উঠে তালিবানরা।

ডিজির নামের অপেক্ষায় রাজ্য সরকার
কেন্দ্রের কাছে দুমাস আগে ২১ জন সিনিয়র আইপিএস-এর নাম পাঠানো হলেও সেই তালিকা থেকে রাজ্যের কাছে নাম পাঠানো হয়নি। প্রথা মতা ২১ জনের নামের থেকে ৩ জনের নাম রাজ্যকে পাঠানোর কথা ইউপিএসসির কমিটির। কিন্তু তা এখনও না হওয়ায় এদিন রাজ্যের তরফে অস্থায়ী ডিজির নাম ঘোষণা করা হতে পারে।

দলবদল গুজব নিয়ে ২ বিধায়ক
বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা পুরোপুরি অস্বীকার করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। পাশাপাশি তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডুও সাফ জানিয়েছেন তিনি বিজেপিতেই রয়েছেন। এদিন সকাল থেকে বাগদার বিশ্বজিথ দাসের সঙ্গে এই দুই বিধায়কের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

সর্বোচ্চ শিখরে সেনসেক্স
বাজার খোলার সঙ্গে সঙ্গে এদিন সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় সেনসেক্স। সোমবারের তুলনায় মুম্বইয়ের শেয়ার বাজার ১৯৪.৭৫ পয়েন্ট উঠে ৫৭ ১০০-তে পৌঁছে যায়। এদিন এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, সান ফার্মা, ইনফোসিসের মতো শেয়ারের দাম বাড়ে। এদিন বাজার খোলার সময় নিফটি পৌঁছে যায় ১৬,৯৯৫-তে।

শুভেন্দুর কটাক্ষ
বিষ্ণুপুরের বিজেপি বিধায়কের দল ছাড়া নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলের উদ্দেশে বলেছেন, যেমন মুকুল রায়ের সদস্যপদ তৃণমূল বাঁচাতে পারবে না, তেমনই তন্ময় ঘোষের সদস্যপদও তারা বাঁচাতে পারবে না। তৃণমূল যতই অনৈতিক কাজ করবে ততই বিজেপি কর্মীরা উজ্জীবিত হবে। মদ আর রেশনের ব্যবসা বাঁচাতেই তন্ময় ঘোষ তৃণমূলে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

পেট্রোল পাম্পে ধর্মঘটের জেরে ভোগান্তি
কমিশন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে এবার পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট। ফলে রাজ্যের প্রায় আড়াই হাজার পাম্পে জ্বালানি মিলছে না। তবে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়ামের নিজেস্ব পাম্পগুলি খোলা থাকছে। তবে এদিন মালিকদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হওয়ার কথা রয়েছে। তারপরে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।

কমল করোনা আক্রান্তের সংখ্যা
করোনা আক্রমণে দেশে ৪০ হাজারের ঘরের থেকে অনেকটাই নেমে শেষে ৩০ হাজারের ঘরে দাঁড়িয়েছে দেশের শেষ ২৪ ঘণ্টার করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল যেখানে রিপোর্টে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৪২, ৯০৯জন সেখানে এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে সারা দেশে শেষ একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন।

ফের তথাগতের নিশানায় দিলীপ
বিষ্ণুপুরে বিজেপি বিধায়ক তৃণমূলে ফিরে যেতেই ফের একবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। কটাক্ষ করে তিনি বলেছেন, যাংরা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে, বা হারকে জয় বলে চালাচ্ছে, তারা করবে দায় স্বীকার?

রাজস্থানে পথ দুর্ঘটনা
রাজস্থানের নাগৌরে গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৭ জন। আহতদের বিকানিরের নোখা হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতরা সবাই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications