Daily News Update: বিমল গুরুংকে রেহাই দেওয়ার রায় চ্যালেঞ্জ সিবিআই-এর, ভার্চুয়ালি হবে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভার্চুয়ালি হবে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস
২১ জুলাই শহিদ দিবসের মতোই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানও ভার্চুয়ালি করা হবে। ওই দিনেই অনুষ্ঠানেও প্রধান বক্তা থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সব কর্মসূচি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

স্বস্তি পেলেন হিন্দু রক্ষাদলের পিনাকি চৌধুরী
যন্তর মন্তরে সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার অভিযোগ উঠলেও, দিল্লির পাতিয়ালা আদালতের নির্দেশে রেহাই পেলেন হিন্দু রক্ষাদলের নেতা পিনাকি চৌধুরী। আদেশে বলা হয়েছে ১৬ অগাস্ট পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। এই মামলায় আইনজীবী এবং বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল।

বিধ্বস্ত ডুয়ার্স, বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত দার্জিলিং পাহাড় এবং ডুয়ার্স। নদীগুলিতে বাড়ছে জলস্তর। সেবক কালীমন্দিরের কাছে রাস্তায় ধস নেমে এক জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অটোচালত। ওই অটোতেই ছিলেন ওই সেনা জওয়ান। চলন্ত অটোর ওপর গিয়ে পড়ে পাথর। সেবক-কালিঝোরার মধ্যে ১০ নম্বর জাতীয় জড়কে ধসের জেরে বাংলা ও সিকিম সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন।

বিমল গুরুংকে রেহাই দেওয়ার রায় চ্যালেঞ্জ সিবিআই-এর
মদন তামাং খুনের মামলা থেকে নিম্ন আদালত প্রায় ৪ বছর আগে বিমল গুরুংকে রেহাই দেওয়ার রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলো সিবিআই। পাশাপাশি হাইকোর্টে একই আবেদন করেছেন মৃত অখিল ভারতীয় গোর্খা লীগ নেতা মদনের স্ত্রী ভারতী তামাংও। শুক্রবার দুটি মামলাই শুনানির জন্য ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি ওই মামলা দুটি না শোনার কথা জানিয়ে তা ফিরিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে।

সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে গোলমাল, গ্রেফতার বিজেপি নেতা সজল ঘোষ
এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে গোলমাল হয়। ক্লাব ভাঙচুরকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। বিজেপির অভিযোগ তৃণমূল হামলা চালায়। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি বিজেপি নিজেই নিজেদের ক্লাব ভাঙে। তৃণমূলের অভিযোগ ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতার স্ত্রীকে বৃহস্পতিবার রাতে হেনস্থা করা হয়। এদিন মুচিপাড়ার থানার পুলিশ সজল ঘোষের বাড়িতে গিয়ে দরজা ভেঙে তাঁকে গ্রেফতার করে। যদিও সজল ঘোষের অভিযোগ মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের পদ থেকে অপসারিত মহুয়া
বিতর্ক বাড়ছিল উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর থেকেই। এমনকী রাজ্যজোড়া বিতর্ক ও সরকারের অভ্যন্তরে কঠোর সমালোচনার পর নিজেই শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন মহুয়া দাস। যা নিয়ে পর্যালোচনা চলছিল সরকারি মহলেও। অবশেষে অপসারিতই হয়ে গেলেন মহুয়া দাস। এবার সেই জায়গায় নতুন দায়িত্বে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।

লাইনের পাশে ধস, মেট্রো চলছে ধীরে
দক্ষিণেশ্বর থেকে নোয়াপড়া মেট্রো লাইনে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে নামে ধস। যার জেরে বরাহনগর থেকে নোয়াপড়া যাওয়ার পথে মেট্রো চলছে ধীর গতিতে। প্রবল বৃষ্টির কারণে এই ধস নামে বলে জানা গিয়েছে। আনুমানিক ১০০ কর্মী এই ধস মেরামতির কাজ নেমে করছেন।

বড়ঞায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য
এদিন সকালে বাজার থেকে ফেরার পথে মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মোস্তাফা শেখের ওপরে হামলা। তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

কমল করোনা আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। আক্রান্ত হয়েছেন ৪০,১২০ জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,২১,১৭,৮২৬ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৮৫ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৮৫, ২৮৭ জন।

কাশ্মীরে সংঘর্ষে জঙ্গির মৃত্যু
জম্মু ও কাশ্মীরের কুলগাঁমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জঙ্গি। দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর-জম্মু জাতীয় সড়তে বিএসএফ-এর কনভয়ের ওপরে একটি হামলার ঘটনা ঘটে। এরপরেই স্থানীয় মীরবাজারের মালপোড়ার তাদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এদিন সকালেও সেখানে সংঘর্ষ চলছে।

করোনার উৎস খুঁজতে নতুন দল গঠন বিশ্বস্বাস্থ্য সংস্থার
করোনার উৎস খুঁজতে নতুন দল গঠন করার কথা জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এব্যাপারে ইন্টার ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপ ফর অরিজিনস অফ নোভেল প্যাথজেনসকে নতুন পরামর্শদাতা সংস্থা হিসেবে নিয়োগ করেছে হু।

কান্দাহার দখলের দাবি তালিবানদের
শুক্রবার তালিবানরা দাবি করেছে, তারা আফগানিস্তানের দ্বিতীয় প্রধান শহর কান্দাহার এবং হেরাট দখল করে নিয়েছে। একইসঙ্গে তারা দাবি করেছে এই মুহূর্তে সরকারি বাহিনীর হাতে রাজধানী কাবুল ছাড়া সামান্য কিছু অংশ রয়েছে। দেশের বড় অংশের নিয়ন্ত্রণ আফগান সরকার হারিয়েছে। আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরেই দখলের অভিযান শুরু করে তালিবানরা।

ত্রিপুরায় এই রাজ্যে আট সাংসদ
ত্রিপুরায় এরাজ্যের আট সাংসদ। সেই তালিকায় এই রাজ্য থেকে রাজ্যসভা এবং লোকসভা, দুই কক্ষের সাংসদরা রয়েছে। রয়েছেন, দোলা সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দারের মতো সাংসদরা। এদিন যাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা তৃণমূল নেত্রী বসুন্ধরা গোস্বামীও। অন্যদিকে ইতিমধ্যেই আগরতলায় রয়েছেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।

একসঙ্গে কাজ করার আশ্বাস বিনয় তামাং-এর
বিনয় তামাং-এর সঙ্গে বৈঠককে সৌজন্যমূলক বলেই বর্ণনা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি বিমল গুরুং। দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে বিনয় তামাং বলেছেন, তাঁরা একসঙ্গে কাজ করবেন। পাহাড় নিয়ে বিজেপি মিথ্যার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

ভারত বায়োটেকের নাসাল ভ্যাকসিনকে ছাড়পত্র
ভারত বায়োটেকের নাসাল ভ্যাকসিন দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার জন্য ছাড়পত্র পেল। এদিন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। এটা প্রথম কোনও নাসাল ভ্যাকসিন যা মানুষের ওপর ট্রায়ালের অনুমতি পেল ভারতে। প্রথম ধাপের ট্রায়াল ভারতে ১৮ থেকে ৬০ বছর বয়সীদের ওপর করা হয়েছে।












Click it and Unblock the Notifications