আরব সাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়াচ্ছে, ঘূর্ণিঝড়ের রেশ কাটলেই দক্ষিণ নামবে বর্ষা
প্রাক বর্ষা মরশুমে জোড়া ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে ভারতীয় উপকূলে, এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতোই এবার আরব সাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত। তা ক্রমেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আইএমডির পূর্বাভাস, এই নিম্নচাপের জেরে শুরু হতে পারে বর্ষা।
সোমবার ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ জুনের মধ্যে কেরলের উপকূল সংলগ্ন আরব সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস দিলেও আইএমডি এখনও এই ঘূর্ণিঝড় শ্রেণিবদ্ধ করেনি।

আইএমডি অপেক্ষা করছে নিম্নচাপটি তৈরি হওয়া পর্য্ন্ত। তারপরই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তীব্রতা এবং এর গতিপথ সম্পর্কে মন্তব্য করবে ভারতের আবহাওয়া অধিদফতর। তবে নিম্নচাপের ফলে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে আরব সাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় ভারতের পশ্চিম উপকূলে তাণ্ডব চালাবে নাকি ওমান বা পাকিস্তান অভিমুখে পাড়ি দেবে, তা বলবে ভবিষ্যৎ।
৪ জুন বর্ষা প্রবেশ করার কথা ছিল কেরল। কিন্তু এই নিম্নচাপ অঞ্চলের ফলে ভারতের পশ্চিম উপকূলে মৌসুমী বায়ুর সূচনা একটু বিলম্বিত হয়েছে। তবে এই নিম্নচাপ বর্ষার আগমন ঘটাবে, তা নিশ্চিত। আইএমডি পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছে, বর্ষা শুরু হবে নিম্নচাপ কাটলেই। মৌসুমি বায়ু কেরলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
যদি এটি একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয় এবং পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর প্রভাব ১৪ বা ১৫ জুন মহারাষ্ট্রে পড়বে বলে মনে করছেন আবহ বিশেষজ্ঞরা। আইএমডি অবশ্য পূর্বাভাস দেয়নি এখনো। এই ঘূর্ণিঝড়ের ফলে ৮ থেকে ১০ জুন মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাত হবে এবং ১১-১২ জুনের মধ্যে তা আরো বাড়বে।

সম্প্রতি ২০২৩-এর প্রথম ঘূর্ণিঝড় হিসেবে উত্তর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় মোখা। তা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। এই ঝড় ছিল ২০২০-তে তৈরি ১৬৯টি নামের তালিকার প্রথম স্তম্ভের শেষ ঝড়।
ঘূর্ণিঝড় মোখার পরই একইসঙ্গে এক জোড়া ঘূর্ণিঝড় বাসা বাঁধতে পারে ভারতীয় উপকূল সংলগ্ন সাগরে, এমনটাই পূর্বাভাস ছিল। এক ঝড়ের অবস্থান হবে বঙ্গোপসাগরে, অন্য ঝড় তৈরি হবে আরব সাগরে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী মোখার পর যে ঘূর্ণিঝড় ধেয়ে আসবে তার নাম হবে বিপর্যয়। অপরটির নাম হবে তেজ।












Click it and Unblock the Notifications