১৫৬ কিমি বেগে ধেয়ে আসছে 'সাইক্লোন বায়ু' ! তৎপরতায় ৩ লাখ মানুষকে সরানো হচ্ছে নিরাপদ এলাকায়
আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই সাইক্লোন আছড়ে পড়তে চলেছে সৌরাষ্ট্র, দ্বারকা সহ বিভিন্ন জায়গায়। এদিকে দানবীয় এই ঝড়ের আতঙ্কে ইতিমধ্যেই গুজরাতের একাধিক জায়গা তথা উপকূলীয় সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখ মানুষকে। বাতিল রয়েছে বহু ট্রেন, তথা বিমান পরিষেবাতেও এর প্রভাব পড়তে চলেছে।

গুজরাতের বিমান পরিষেবায় প্রভাব
এদিকে জানা গিয়েছে, গুজরাতের একাধিক বিমানবন্দরে গতরাত ১২ টা থেকে আজ রাত ১২ টা পর্যন্ত স্তব্ধ থাকবে বিমান পরিষেবা। সাইক্লোন বায়ুর দাপটে এমনটা হতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে , যে সময়ে বায়ুর আছড়ে পড়তে পারে সেই সময় ধরেই এই বিমান পরিষেবা বন্ধ রাখবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল রয়েছে প্রায় ৪০০ এর কাছাকাছি বিমান ।

কত বেগে ধেয়ে আসছে বায়ু?
১৫৫ -১৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসছে সাইক্লোন বায়ু। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘিরে রীতিমতো আতঙ্কে কাঁপছে গোটা গুজরাত ।

বাতিল ট্রেন
বেশ কয়েকটি ট্রেন সাইক্লোন বায়ুর দাপটের আশঙ্কায় বন্ধ করা হয়েছে গুজরাতে। ৭০ টির মতো ট্রেন বাতিল রয়েছে বলে জানা গিয়েছে। একাধির রুটের ট্রেন বাতিল করার পর ২ টি ট্রেন, ওখা থেকে সৌরাষ্ট্র পর্যন্ত যাতায়াত করছে। যাতে মানুষ এলাকা ছেড়ে আসতে পারেন। সব মিলিয়ে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলছে 'সাইক্লোন বায়ু' মোকাবিলার কাজ।

উপকূলবর্তী এলাকা থেকে উদ্ধার ৩ লাখ মানুষ
উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৩ লাখের কাছাকাছি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্য়েই সেবিষয়ে নির্দেশ পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও পর্যটকদের দ্হাকা, সোমনাথ, সাসান, কচ্ছ থেকে দূরে থাকবার আবেদন জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সতর্কতায় এনডিআর এফ
সতর্কতায় রাখা হয়েছে, এনডিআরএফ , ভারতীয় সেনা, ভারতীয় নৌসেনা সহ একাধিক দলকে। গুজরাতে মোট ৫২ টি দল মোতায়েন রয়েছে। কোনও রকমের আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতেই এই সতর্কতা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications