ঘূর্ণিঝড় মন্থা-র তাণ্ডবের আশঙ্কা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় স্কুল, কলেজ বন্ধ, সতর্ক প্রশাসন
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ থেকে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় 'মন্থা', আর সেই সাইক্লোনের দাপটে দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায়। আগামী ২৮ অক্টোবর সন্ধ্যার মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়। ইতিমধ্যেই দুই রাজ্যের প্রশাসন শুরু করেছে তৎপরতা, স্কুল, কলেজ বন্ধ, ত্রাণ সামগ্রী মজুত, ও বিপন্ন এলাকায় শুরু হয়েছে মানুষ সরানোর কাজ।
বঙ্গোপসাগরের দক্ষিণ ও পূর্ব অংশে তৈরি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এটি আরও প্রবল হয়ে গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার দাপটে বইবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত।

রবিবার রাত পর্যন্ত 'মন্থার' অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের কাকিনাডা থেকে প্রায় ৮৩০ কিলোমিটার ও ওড়িশার গোপালপুর থেকে ৯৩০ কিলোমিটার দূরে। ফলে, উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।
অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, আগামী কয়েক দিন সমস্ত সরকারি, বেসরকারি ও অনুদানপ্রাপ্ত জুনিয়র কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এই নির্দেশ জারি হয়েছে ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম, অনাকাপল্লি, কাকিনাডা, পশ্চিম গোদাবরী, এলুরু, কৃষ্ণা, এনটিআর, গুন্টুর, বাপাটলা, পালনাডু ও ওয়াইএসআর কাডাপা জেলায়।
অন্যদিকে, ওড়িশার গজপতি জেলা প্রশাসন জানিয়েছে, সেখানকার সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কলেজ ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। দক্ষিণ ওড়িশার আটটি জেলা মালকানগিরি, কোরাপুট, রায়গাড়া, গঞ্জাম, গজপতি, কন্ধমাল, কালাহান্ডি ও নবরংপুর কে রাখা হয়েছে রেড জোনে। এ ছাড়া ওড়িশার সমস্ত ৩০টি জেলা প্রশাসনকেই সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ ঝড়ের গতিপথে পরিবর্তন ঘটলে যে কোনও জেলাই ক্ষতিগ্রস্ত হতে পারে।
অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ত্রাণ ও প্রয়োজনীয় সরবরাহের বিশেষ পরিকল্পনা। আবহাওয়া দপ্তরের মতে, মন্থা ২৮ অক্টোবর সন্ধ্যায় কাকিনাডা সংলগ্ন মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল স্পর্শ করতে পারে। ফলে দুই রাজ্যের জন্য এখন প্রস্তুতি নেওয়াই প্রধান চ্যালেঞ্জ।
তবে ঝড় এখনও দূরে থাকলেও তার ছায়া পড়েছে প্রশাসনের কপালে। উপকূলের বাসিন্দারা আতঙ্কে, সরকারি দপ্তরে টানা বৈঠক চলছে। প্রকৃতি আবারও যেন মনে করিয়ে দিচ্ছে বঙ্গোপসাগরের বুকে এখনো লুকিয়ে আছে অস্থিরতার জোয়ার।












Click it and Unblock the Notifications