ঘণ্টায় ১০০ কিমি গতিতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় মন্থার, অন্ধ্র উপকূলে ঝড়বৃষ্টি, স্তব্ধ বেশ কয়েকটি জেলা
ঘূর্ণিঝড় 'মন্থা’ এদিন রাতে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে শুরু করেছে। থাই ভাষায় 'মন্থা' শব্দের অর্থ হল সুগন্ধি ফুল।
আইএমডি-র সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই ঘণ্টার মধ্যে কাকিনাড়ার কাছে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝখান দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে, যা ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব কৃষ্ণা, এলুরু, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী সহ একাধিক জেলায় পড়তে চলেছে। রাজ্য সরকার এদিন রাত থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সাতটি জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এই ঘূর্ণিঝড় রাজ্যের ২২টি জেলার ৪০৩টি মন্ডলকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইএমডি সতর্ক করেছে যে, নিম্নাঞ্চল এবং জলমগ্ন এলাকায় রোপন করা ধান ও সবজি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে, সম্ভব হলে তাদের খেত থেকে অতিরিক্ত জল বের করে দিতে।
জরুরি যোগাযোগের জন্য ৮১টি বেতার টাওয়ার এবং ২১টি বড় ল্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও, উপড়ে পড়া গাছ সরানোর জন্য সরকার ১,৪৪৭টি আর্থমুভার, ৩২১টি ড্রোন এবং ১,০৪০টি চেইনসো প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুতিমূলক ব্যবস্থার অংশ হিসেবে রাজ্যের নাগরিকদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications