Cyclone Migzaum Warning: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মিগজাউম! প্রবল বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে
Cyclone Migzaum Warning: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৫ ডিসেম্বর নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের ব্যাপারে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল পুদুচেরির ৩০০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, চেন্নাই থেকে ৩১০ কিমি দক্ষিণ-পূর্বে, নেল্লোর থেকে ৪৪০ কিমি দক্ষিণ-পূর্বে, বাপাতলা থেকে ৫৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং মছলিপত্তনম থেকে ৫৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ক্রমে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরই মধ্যে তা আরও শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছে যাবে ৪ ডিসেম্বর দুপুর নাগাদ।
তারপর তা দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর উত্তর দিকে অগ্রসর হবে এবং নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি উপকূল অতিক্রম করবে ৫ ডিসেম্বর দুপুর নাগাদ। সেই সময় ঘূর্ণিঝড়ের বেগ থাকবে ঘন্টায় ৮০-৯০ কিমি এবং দমকা হাওয়ার বেগ থাকবে ঘন্টায় ১০০ কিমি।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই সিস্টেমের প্রভাবে উত্তর উপকূলীয় তামিলনাড়ু ও পুদুচেরিতে ৩ ও ৪ ডিসেম্বর ভারী বৃষ্টি হবে। তারপর তা কমে যাবে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। ওড়িশাতেও ছয় ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ছয় ও সাত ডিসেম্বর দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রামে হাাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে পুদুচেরি সরকার পুদুচেরি, কাড়াইকাল এবং ইয়ানামে স্কুল কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। দক্ষিণ রেলের তরফে তামিলনাড়ুতে ৩-৬ ডিসেম্বরের মধ্যে দূরপাল্লার ট্রেন-সহ ১১৮ টি বাতিলের কথা জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications