Cyclone Migzaum: ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিগজাউম! সাত জেলার জন্য সতর্কবার্তা
Cyclone Migzaum: বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে এদিন সকাল থেকে একটি সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ৩০ নভেম্বর নাগাদ যা গভীর নিম্নচাপে পরিণত হবে।
এরপর এই গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম হতে চলেছে মিগজাউম। এই ঘূর্ণিঝড় তৈরি হবে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে।

ওড়িশা সরকার ইতিমধ্যেই নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সাতটি উপকূলীয় জেলাকে সতর্ক করেছে। বালাসোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিনপুর, পুরী, খুড়দা এবং গঞ্জামের জেলাশাসকদের কাছে দেওয়া চিঠিতে বলা হয়েছে ২ ডিসেম্বরের মধ্যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে ৩০ নভেম্বরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৩০ নভেম্বর নাগাদ। পরবর্তী দুদিনে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়।
আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এলাকায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতেও।
আগামী পাঁচ দিন বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, কেরল ও মাহেতে। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকালে। কেরল ও মাহেতে তা হতে পারে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications