Cyclone Michaung Update: অন্ধ্রপ্রদেশের বাপাতলায় ল্যান্ডফল ঘূর্ণিঝড় মিচাংয়ের! উপকূলে আঘাত হানছে উঁচু ঢেউ
Cyclone Michaung Update: অন্ধ্রপ্রদেশের বাপাতলায় ল্যান্ডফল ঘূর্ণিঝড় মিচাংয়ের। স্থলভাগে আছড়ে পড়ার আগে অবশ্য উঁচু ঢেউ উপকূলে আঘাত হানে। ল্যান্ডফল করার আগে সেটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এই আবহাওয়ার কারণে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত আগে থেকেই চলছে। নিচু এলাকাগুলি থেকে সরানো হয়েছে হাজার হাজার মানুষকে।
অন্ধ্রপ্রদেশের বাপাতলার দক্ষিণ উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড় মিচাংয়ের বেগ ছিল ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি। দমকা হাওয়ার বেগ ছিল ঘন্টায় ১১০ কিমি। পরবর্তী দুই ঘন্টার মধ্যে অর্থাৎ এদিন বিকেলের মধ্যেই ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্ধ্রপ্রদেশের বাপাতলায় ল্যান্ডফলের আগে ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ চলে চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন এলাকায়। আবহাওয়ার এই তাণ্ডবলীলায় উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তিনি বলেছেন, রাস্তাগুলি প্লাবিত হয়েছে, জোয়ারের কারণে জল কমেনি। বৃষ্টির কারণে চেন্নাইয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার জেলাশাসক জানিয়েছেন সেখানকার ৬৪ টি গ্রামের প্রায় তিনহাজার লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ত্রাণ শিবিরে স্থান দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি সব অফিসার ও বিভাগকে ত্রাণ ও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাতলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাড়ার লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে ফোন তৈরির সংস্থা ফক্সকন, পেগাট্রন এবং অটোমোবাইল কোম্পানি হুন্ডাই তামিলনাড়ুতে তাদের উৎপাদন স্থগিত করে। অন্যদিকে ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে তামিলনাড়ু সরকার বুধবার চারটি জেলা কাঞ্চিপুরম, থিউভাল্লুর এবং চেঙ্গলপেটে স্কুল ছুটি ঘোষণা করেছে।
দূরে হলেও ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা এবং উত্তরবঙ্গের দুটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications