Cyclone Hamoon Alert: পুজোর শেষ বেলায় আবহাওয়ায় পরিবর্তন! রাতের মধ্যে বঙ্গোপসাগরে 'ঘূর্ণিঝড় হামুন'
Cyclone Hamoon Alert: সোমবার রাতের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ২৫ অক্টোবর এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এবং শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। উল্লেখ্য হামুন নামটি দিয়েছে ইরান।
এদিন দুপুরে আবহাওয়া দফতরের বার্তায় বলা হয়েছে ছয় ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এটি গভীর নিম্নচাপ হিসেব ২৫ অক্টোবর বুধবার সন্ধের দিকে খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া দফতরের তরফে আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের অন্ধ্র উপকূল, দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে না যেতে নির্দেশ দিয়েছে। উপকূল এলাকায় বসবাসকারী লোকজনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল। এবং সটি ঘন্টায় ১৩ কিমি করে গত ৬ ঘন্টায় অবস্থান বদল করেছে। সকালে এর অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৩৬০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫১০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৪ ও ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলা ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, মেঘালয়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে আরব সাগরে ঘূর্ণিঝড় তেজের শক্তি কমেছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে রবিবার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়টি ২৪ অক্টোবর ভোরে ইয়েমেনের আল গাইদাহ এবং ওমানের সালালাহের মধ্যে ইয়েমেন-ওমান উপকূল অতিক্রম করতে চলেছে।












Click it and Unblock the Notifications