Cyclone Fengal: প্রাণ কাড়ল ফেনজল, ধব্বংসলীলা চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড়; উদ্ধারে সেনা ও NDRF
Cyclone Fengal: তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ফেনজল। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া (Landfall) শুরু হয় ঘূর্ণিঝড় ফেনজলের। রবিবার ভোর পর্যন্ত চলে ল্যান্ডফল। উত্তর তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে (Tamil Nadu and Puducherry) ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত গোটা জনজীবন।
ক্রমশ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে শক্তিক্ষয়ের পর গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়েছে ফেনজল। ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির (Flood Situation) সৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকায়। মৌসম ভবন জানিয়েছে, ৫০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে পুদুচেরিতে। গত ৩০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পুদুচেরিতে।

পুদুচেরির বিস্তীর্ণ এলাকায় জমে রয়েছে জল। জলের তলায় রাস্তা তো বটেই, ঘরবাড়ি ও গাড়িও জলে ডুবে গিয়েছে। জলের তলায় চেন্নাই শহরের বিস্তীর্ণ অংশও। সেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিন জন। শহরের এক এটিএমের পাশে জলে ভাসতে দেখা যায় মৃতদেহ। চেন্নাইয়ের মেরিনা ও ইলিয়ট সমুদ্রসৈকতও ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গিয়েছে।
৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusting) বইছে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায়। কল্লকুরিচি, তিরুভল্লুরে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport)। দমকা হাওয়ার জেরে অবতরণই করতে পারল না ইন্ডিগোর বিমান। রানওয়ে ছুঁয়েও প্রবল হাওয়ার দাপটে কাত হয়ে ফের উড়ে যায় বিমানটি।
The Indian Army has launched flood relief operations in Puducherry following heavy rainfall caused by Cyclone Fengal, which has resulted in widespread waterlogging. The operations were initiated in response to a formal requisition from the District Collector of Puducherry,… pic.twitter.com/kUYMrKajsT
— ANI (@ANI) December 1, 2024
বিপর্যয় মোকাবিলায় পুদুচেরি ও তামিলনাড়ুর রাস্তায় নেমেছে ভারতীয় সেনা (Indian Army) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। সেনার গাড়ি ও নৌকো করে নিয়ে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। পুদুচেরি থেকে কমপক্ষে ১০০ জনকে উদ্ধার করা হয়। বিল্লুপূরমের জেলাশাসক জানিয়েছেন, রাতারাতি প্রায় ১৪০০ লোককে অন্যত্র সরানো হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর উড়ান পরিষেবা চালু হল চেন্নাই বিমানবন্দরে। প্রবল হাওয়ার দাপটে শনিবার বেলা ১২টার পরই বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। বিমানবন্দরে এসে আটকে পড়েন যাত্রীরা। অবশেষে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হতেই রবিবার ভোর ৪টে থেকে ধীরে ধীরে সচল হয় বিমান পরিষেবা।
புயல் காற்றால் ஊசலாடிய விமானம்.. நொடியில் உயிர் தப்பிய பயணிகள்#fengalcyclone #flight #fengal #chennaiairport #indigo pic.twitter.com/61jmW1Vgd8
— Oneindia Tamil (@thatsTamil) December 1, 2024
ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন চেন্নাই শহর। বাড়িঘর থেকে শুরু করে হাসপাতালও কার্যত জলের তলায়। চেন্নাইয়ের দুটি সরকারি হাসপাতালে জল থৈ থৈ অবস্থা। উপড়ে গিয়েছে বহু গাছও। ভারী বৃষ্টির মাঝেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন সিভিক ভলান্টিয়াররা। ভারী বৃষ্টি ও হাওয়ার জেরে চেন্নাইয়ের রাস্তায় ভেসে গিয়েছে লোহার ব্যারিকেডও।












Click it and Unblock the Notifications