Cyclone Fengal: আছড়ে পড়ল ফেনজল, ল্যান্ডফল প্রক্রিয়া চলতে পারে ঘণ্টা চারেক, বাংলায় কেমন থাকবে আবহাওয়া?
Cyclone Fengal: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফেনজল। আবহাওয়া দফতর সূত্রে সংবাদসংস্থার তরফে দাবি করা হচ্ছে, পুদুচেরির কাছে আজ সন্ধ্যায় ফেনজলের ল্যান্ডফল হয়েছে।
ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে ঘণ্টা চারেক লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তামিলনাড়ু-সহ দেশের নানা অংশে ঝড়বৃষ্টি চলছে ফেনজলের প্রভাবে। যতই স্থলভাগের কাছে এই সাইক্লোন এসেছে ততই ঝড়ের গতিবেগ বেড়েছে, তামিলনাড়ু, পুদুচেরি-জুড়ে চলছে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতর আগেই রেড অ্যালার্ট জারি করে রেখেছে।
আগেই সিদ্ধান্ত হয়েছে, চেন্নাই বিমানবন্দর দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা অবধি পুরোপুরিভাবে বন্ধ রাখা হবে। হাওয়ার তীব্রতা বেশি থাকায় কাল ভোর চারটে অবধি বিমান ওঠা-নামা করবে না বলে জানা গিয়েছে। ঝড়ের গতিবেগ ৭০থেকে ৮০ কিলোমিটার হতে পারে, পৌঁছতে পারে সর্বাধিক ঘণ্টায় ৯০ কিলোমিটারেও।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের কারাইকাল ও মহাবলীপুরমের কাছে ফেনজলের আছড়ে পড়ার কথা। ল্যান্ডফলের পর সাইক্লোনিক স্টর্ম ফেনজল মূলত তামিলনাড়ুতে ঘণ্টা চারেক ধরে দাপট চালাতে পারে বলে মনে করা হচ্ছে।
ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে ট্রেন চলাচল ও পর্যটন ক্ষেত্রেও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন পরিস্থিতির উপর নজর রেখেছেন। তিনি গিয়েছিলেন চেন্নাইয়ে এমারজেন্সি অপারেশনস সেন্টারেও। সমস্ত দফতরকে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। নজর রাখছেন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টযালিনও।
তামিলনাড়ুতে ২২০০ ত্রাণ শিবির খোলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সমস্ত বিলবোর্ড, বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে নেওয়ার বন্দোবস্ত করে তামিলনাড়ু সরকার। অনেক এলাকাই জলবন্দি। মোটরপাম্প, জেনারেটর, বোট তৈরি রাখা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ফ্লাড রিলিফ টিমও বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। আজ বৃষ্টির পূর্বাভাস দশ জেলায়। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। বাকি ছয় জেলাতে ও বিক্ষিপ্ত বৃষ্টি। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলার বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি কলকাতা হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
আগামীকাল বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু-এক জায়গায়। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা। আজ কলকাতায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা।
আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে। বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারা পতন একটু বেশি হতে পারে শীতের আবার স্পেল নতুন করে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।












Click it and Unblock the Notifications